tanaka
প্রচ্ছদসারাদেশআশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০টির বেশি পোশাক কারখানা

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০টির বেশি পোশাক কারখানা

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ার শিল্পাঞ্চলে অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (১৪ নভেম্বর) সকালে এসব কারখানার ফটকে বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়।

তবে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা কাজে ফিরেছেন। এসব প্রতিষ্ঠানে স্বাভাবিকভাবেই উৎপাদন কার্যক্রম চলতে দেখা গেছে।

শিল্প পুলিশের ঢাকা-১ অঞ্চলের পুলিশ সুপার মুমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শনিবার সকালে অধিকাংশ কারখানায় শ্রমিকরা প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন। কোথাও কর্মবিরতি কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুসারে ৫০টির বেশি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এ কারণে এসব প্রতিষ্ঠানের শ্রমিকরা কর্মস্থলে প্রবেশ করেননি।

এদিকে শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানাগুলোর সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে শিল্প পুলিশের পাশাপাশি ঢাকা জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।

এর আগে কয়েক দিন ধরে ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিক আন্দোলন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের একাধিকবার সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এসব ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত ১৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে সাভার থানায় ৭২ জন এবং আশুলিয়া থানায় ৬০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কারখানা মালিকদের সূত্রে জানা গেছে, বন্ধ ঘোষিত প্রতিষ্ঠানের সংখ্যা আরও বাড়তে পারে। গত দুই সপ্তাহ ধরে শ্রমিক আন্দোলনের কারণে অনেক কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। অন্যদিকে আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকদের একটি অংশ ইতোমধ্যে গত মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছেন। ক্রেতা প্রতিষ্ঠানের ক্রয়াদেশ হাতে থাকলেও চলমান অস্থিরতার কারণে উৎপাদন ও সরবরাহ কার্যক্রম নিয়ে বিপাকে পড়েছেন মালিকরা।

নাম প্রকাশ না করার শর্তে পোশাক কারখানার মালিকদের সংগঠনের এক নেতা জানান, আন্দোলনের কারণে কোনো কোনো মালিককে আর্থিক জরিমানার মুখেও পড়তে হচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকলে শিগগিরই আরও অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়টি পর্যালোচনায় সরকার ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে। কমিটি সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেছে এবং খুব শিগগিরই প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে শ্রমিক অসন্তোষ থেকে সৃষ্ট অস্থিতিশীলতা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি।