যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ রাখার নির্দেশ প্রত্যাহার করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। রাডার ও যোগাযোগব্যবস্থায় অস্থিতিশীলতা দেখা দেওয়ায় সাময়িকভাবে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। প্রায় চার ঘণ্টার বেশি সময় পর স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে আবারও দেশটির আকাশসীমা উন্মুক্ত করে দেওয়া হয়।
রয়টার্স ও বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বিকেল ৩টা ৩৬ মিনিটে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় রাডার, যোগাযোগব্যবস্থা ও বিমান নিয়ন্ত্রণকেন্দ্রগুলোতে অস্থিতিশীলতা দেখা দেয়। এ সময় রাউটার থেকে অসংগতিপূর্ণ তথ্য আসতে শুরু করলে নিরাপত্তার স্বার্থে উড্ডয়ন বন্ধের নির্দেশ দেয় এফএএ।
এ বিষয়ে ডাফি জানান, অতিরিক্ত তথ্যের চাপে রাউটারগুলো অকার্যকর হয়ে পড়েছিল। ফলে সেখান থেকে পাওয়া তথ্যে অসংগতি দেখা দেয়, যা বিমান চলাচল নিয়ন্ত্রণে জটিলতা তৈরি করে।
তিনি বলেন, স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে এফএএর নিয়ন্ত্রণকেন্দ্র এবং টার্মিনাল রাডার অ্যাপ্রোচ কন্ট্রোলের (ট্র্যাকন) কার্যক্রমও সচল রয়েছে।
তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও বিকেলের ঘটনায় সৃষ্ট জটিলতার প্রভাব কাটিয়ে উঠতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন ডাফি। এর প্রভাব আগামী কয়েক দিন বিমান চলাচলে পড়তে পারে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে চলতি সপ্তাহান্তের ফ্লাইটগুলোর সময়সূচিও পর্যালোচনা করা হচ্ছে।



