পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে ৭৪ জনকে হত্যার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। গত কয়েক দিনের এসব অভিযানে নিহত ব্যক্তিদের ভারত-সমর্থিত সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছে সামরিক বাহিনী। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধারের কথাও জানিয়েছে তারা।
শুক্রবার (১৩ নভেম্বর) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এসব তথ্য জানায়। খবর জিও নিউজের।
আইএসপিআরের বিবৃতি অনুযায়ী, বেলুচিস্তানের কোয়েটা জেলার কুররাম এলাকা এবং খাইবার পাখতুনখাওয়ার মির আলী ও ওরাকজাইয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।
বিবৃতিতে বলা হয়, বেলুচিস্তানে চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ৩ নভেম্বর থেকে কোয়েটা জেলার কুররাম এলাকায় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। সেখানে ফিতনা আল-খাওয়ারিজ ও ফিতনা আল-হিন্দুস্তান গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করে অভিযান চালানো হয়।
আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের একাধিক আস্তানায় হামলা চালানো হয়। কয়েক দফা সংঘর্ষের পর ভারত-সমর্থিত ৩১ জনকে হত্যা করা হয়েছে। অভিযানের সময় এসব আস্তানা থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
অন্যদিকে, খাইবার পাখতুনখাওয়ার মির আলী ও ওরাকজাই এলাকায় গত ৪৮ ঘণ্টায় পৃথক অভিযানে আরও ৪৩ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।
বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসীদের তৎপরতা বন্ধ এবং তাদের নেটওয়ার্ক ভেঙে দিতে খাইবার পাখতুনখাওয়ার বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে মির আলী ও ওরাকজাইয়ে অভিযান পরিচালনা করা হয়।
আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, এসব অভিযানে সন্ত্রাসীদের একাধিক অবস্থান লক্ষ্য করে হামলা চালায় সেনারা। তীব্র গোলাগুলির পর মির আলীতে ফিতনা আল-খাওয়ারিজের ৩৫ সদস্য এবং ওরাকজাইয়ে আরও আটজন নিহত হন। এসব অভিযানের ফলে সংশ্লিষ্ট এলাকায় সক্রিয় সশস্ত্র নেটওয়ার্ক বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেছে সেনাবাহিনী।
অভিযান চলাকালে স্থানীয়ভাবে তৈরি বিস্ফোরক ও ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)সহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের কথাও জানিয়েছে আইএসপিআর। এসব সরঞ্জাম ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে বলে দাবি তাদের।
বিবৃতিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট এলাকাগুলোতে আত্মগোপনে থাকা সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। ‘আজম-ই-ইস্তেহকাম’ পরিকল্পনার আওতায় নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সন্ত্রাসবিরোধী কার্যক্রম চলবে। বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সামরিক বাহিনী।
এদিকে, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বেশি দেখা যাচ্ছে।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে পাকিস্তানে সহিংসতার প্রধান কেন্দ্র ছিল এই দুই প্রদেশ। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে খাইবার পাখতুনখাওয়ায়।
প্রতিবেদন অনুযায়ী, ওই তিন মাসে পাকিস্তানে সহিংসতাসংক্রান্ত মোট প্রাণহানির প্রায় ৯৬ শতাংশই ঘটেছে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে। নিহতদের মধ্যে ৬১ শতাংশের বেশি, অর্থাৎ ৪৭৫ জন ছিলেন খাইবার পাখতুনখাওয়ার বাসিন্দা। অন্যদিকে, বেলুচিস্তানে নিহত হয়েছেন ৩৪ শতাংশ বা ২৬৫ জন।
সহিংসতার ঘটনার সংখ্যার দিক থেকেও এগিয়ে ছিল খাইবার পাখতুনখাওয়া। প্রদেশটিতে তিন মাসে ১৫১টি সহিংসতার ঘটনা ঘটেছে, যা পাকিস্তানের মোট ঘটনার ৫৭ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা বেলুচিস্তানে ঘটেছে ৯৪টি ঘটনা, যা মোট ঘটনার ৩৫ শতাংশ।
প্রতিবেদনের এসব পরিসংখ্যান পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতিতে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানের বিশেষ ঝুঁকিপূর্ণ অবস্থান তুলে ধরেছে।



