ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ফেঁসে যাচ্ছেন নরসিংদীর সাবেক চার জেলা প্রশাসক (ডিসি), ছয় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এবং আট ভূমি অধিগ্রহণ কর্মকর্তা। জেলা প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে ভূমি মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। এসব অনিয়মের পক্ষে বিস্তারিত তথ্যপ্রমাণও পেয়েছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ দুর্নীতি নিয়ে দৈনিক যুগান্তরে ২০২৫ সালের ১৯ ও ২১ অক্টোবর, ১৮ ডিসেম্বর এবং চলতি বছরের ২৬ এপ্রিল চারটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে গত ৩০ এপ্রিল ভূমি মন্ত্রণালয় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য গ্রহণ, তিন দফা সরেজমিন পরিদর্শন এবং জেলা প্রশাসনের প্রায় ৮ হাজার ৮০০ পৃষ্ঠার নথি ও দলিলপত্র পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন তৈরি করে কমিটি। তদন্তের বিভিন্ন পর্যায়ে একটি দৈনিকে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য-প্রমাণও যাচাই করা হয়। এতে প্রকাশিত অভিযোগগুলোর পক্ষে প্রমাণ পেয়েছেন তদন্ত কর্মকর্তারা।
গত ১৬ আগস্ট ভূমি মন্ত্রণালয় থেকে ৭০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বকালীন অনিয়মের বিবরণ তুলে ধরে দায় নির্ধারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
চার সাবেক ডিসির দায়িত্বকালে অনিয়ম
তদন্ত কমিটির পর্যবেক্ষণে নরসিংদীর সাবেক চার জেলা প্রশাসকের দায়িত্বকালে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় অনিয়ম ও ত্রুটির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তারা হলেন সৈয়দা ফারহানা কাউনাইন (১১ মার্চ ২০১৮ থেকে ২১ জুন ২০২১), আবু নইম মোহাম্মদ নাঈম মারুফ খান (২২ জুন ২০২১ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৩), ড. বদিউল আলম (১০ সেপ্টেম্বর ২০২৩ থেকে ১২ সেপ্টেম্বর ২০২৪) এবং মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী (১২ সেপ্টেম্বর ২০২৪ থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৫)।
সাবেক এই চার জেলা প্রশাসক বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন।
তদন্ত কমিটির মতে, ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে জেলা প্রশাসকের দায়িত্ব কেবল প্রশাসনিক অনুমোদনের মধ্যে সীমাবদ্ধ নয়। অধিগ্রহণের নোটিশ জারি, যৌথ তদন্ত, ফিল্ডবুক প্রস্তুত, জমির শ্রেণি নির্ধারণ, রোয়েদাদ অনুমোদন থেকে শুরু করে ক্ষতিপূরণ প্রদান পর্যন্ত পুরো প্রক্রিয়ার তদারকির দায়িত্ব জেলা প্রশাসনের।
কিন্তু সংশ্লিষ্ট চার জেলা প্রশাসকের দায়িত্বকালে এসব কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও বিধিবহির্ভূত কর্মকাণ্ডের প্রাথমিক প্রমাণ মিলেছে। এ কারণে তাদের ব্যক্তিগত দায় নির্ধারণে অধিকতর তদন্তের সুপারিশ করেছে কমিটি।
ছয় সাবেক এডিসির বিরুদ্ধেও অনিয়মের তথ্য
২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত নরসিংদীতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে দায়িত্ব পালনকারী ছয় কর্মকর্তার সময়েও ভূমি অধিগ্রহণে বিভিন্ন অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি।
তারা হলেন মোহাম্মদ মাসুম, এএসএম ইবনুল হাসান ইভান, মো. মোস্তফা মনোয়ার, মো. মুশফিকুর রহমান, অঞ্জন দাশ ও মোহাম্মদ নাজমুল হাসান।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এসব কর্মকর্তার দায়িত্বকালে ভূমি অধিগ্রহণের বিভিন্ন পর্যায়ে অনিয়ম, নথিপত্রে ত্রুটি, ক্ষতিপূরণ নির্ধারণে অসংগতি এবং প্রশাসনিক তদারকির ঘাটতি ছিল। এসব অনিয়মে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা যাচাই করে দায় নির্ধারণ এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
অন্যদিকে, সাবেক এডিসি শাহিনা পারভীন ও ফারুক আহমেদের দায়িত্বকালে নথিপত্রে পাওয়া অনিয়মের বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তদন্ত কমিটি। এ কারণে তাদের বিষয়ে আরও অনুসন্ধানের সুপারিশ করা হয়েছে।
তবে সাবেক এডিসি অঞ্জন দাশের বিরুদ্ধে পৃথক একটি অভিযোগের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদকের কাছ থেকে সংবাদ ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে উৎকোচ দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অডিও রেকর্ড ও সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনায় এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে কমিটি।
এ ঘটনায় অঞ্জন দাশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ পাঠানোর সুপারিশ করা হয়েছে।
আট ভূমি অধিগ্রহণ কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিক সত্যতা
২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত নরসিংদীতে দায়িত্ব পালনকারী ১৭ জন ভূমি অধিগ্রহণ কর্মকর্তার মধ্যে আটজনের দায়িত্বকালে বিভিন্ন এলএ (ল্যান্ড অ্যাকুইজিশন) মামলায় অনিয়ম ও ত্রুটির প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি।
তারা হলেন মো. পারভেজ মৃধা, শ্যামল চন্দ্র সাহা, মাশফিকা হোসেন, রেহানা মজুমদার মুক্তি, চৌধুরী মোস্তাফিজুর রহমান, মাহমুদা জাহান, এএইচএম আজিমুল হক ও আসমাউল হুসনা পিংকি।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এই আট কর্মকর্তার দায়িত্বকালে ভূমি অধিগ্রহণের বিভিন্ন কার্যক্রমে ব্যাপক ত্রুটিবিচ্যুতি ও অনিয়ম পরিলক্ষিত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বকাল, নির্দিষ্ট এলএ মামলা এবং প্রতিটি ক্ষেত্রে তাদের ভূমিকা পর্যালোচনা করে ব্যক্তিগত দায় নির্ধারণের সুপারিশ করেছে তদন্ত কমিটি।
তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ও আইনগত পদক্ষেপের বিষয়টি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনার বিষয়।



