ফুটবল মাঠের সীমানা পেরিয়ে এবার বিনোদন জগতে নতুন পরিচয় গড়তে যাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। টেলিভিশন সিরিজ প্রযোজনার মাধ্যমে নতুন এই যাত্রা শুরু করছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। তাঁর প্রযোজিত প্রথম টেলিভিশন সিরিজের নাম ‘ডে ওয়ানস’ (Day 1s)। ইতোমধ্যে সিরিজটির প্রযোজনার কাজ শুরু হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে নিজেই এ খবর জানিয়েছেন ৪১ বছর বয়সী আল নাসর ফরোয়ার্ড। সেখানে তিনি লিখেছেন, ‘দারুণ খবর! আমার প্রথম টিভি শো ডে ওয়ানসের প্রযোজনার কাজ শুরু হয়েছে। সামনে আরও খবর আসছে।’
ব্রিটিশ ফুটবলকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিরিজটি। চিত্রনাট্যনির্ভর এই ড্রামায় ফুটবল মাঠের বাইরের ব্যবসায়িক জগতের নানা ঘটনা উঠে আসবে। বিশেষ করে প্রভাবশালী ফুটবল এজেন্সিকে ঘিরে ক্ষমতার দ্বন্দ্ব, চুক্তি নিয়ে দর-কষাকষি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পারস্পরিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হবে।
সিরিজটিতে স্ট্যানলি ডালটন নামের একজন প্রভাবশালী ফুটবল এজেন্টের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা ড্যামিয়ান লুইস। ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’ সিরিজে অভিনয়ের সুবাদে পরিচিতি পাওয়া এই অভিনেতার পাশাপাশি প্রকল্পটির সঙ্গে যুক্ত রয়েছেন সাবেক আর্সেনাল ও ফ্রান্স তারকা থিয়েরি অঁরি এবং ব্রিটিশ র্যাপার ডেভ। সিরিজে অতিথি চরিত্রে অঁরির উপস্থিত থাকার সম্ভাবনাও রয়েছে।
রোনালদো ও ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের প্রতিষ্ঠিত স্বাধীন প্রযোজনা প্রতিষ্ঠান ইউআর-মার্ভ স্টুডিওস সিরিজটি নির্মাণ করছে। ২০২৫ সালে চলচ্চিত্র ও টেলিভিশন জগতে কাজ করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে তাঁদের এই যৌথ উদ্যোগ।
সিরিজটির নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করবেন রোনালদো। পাশাপাশি চিত্রনাট্যনির্ভর অভিনয়েও অভিষেক হতে যাচ্ছে তাঁর। ফুটবলের পাশাপাশি ফ্যাশন, আতিথেয়তা ও গণমাধ্যম ব্যবসায় নিজের অবস্থান তৈরি করেছেন এই পর্তুগিজ তারকা। এবার টেলিভিশন সিরিজের মাধ্যমে বিনোদন জগতেও নিজের প্রভাব বিস্তারের নতুন উদ্যোগ নিয়েছেন তিনি।



