সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, প্রকৃত সাংবাদিকদের নিবন্ধন এবং মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান যুক্ত করে প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিনের এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান।
তথ্যমন্ত্রী বলেন, প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায় সরকার। এ লক্ষ্যে বিদ্যমান আইন সংশোধনের প্রস্তাব তৈরি করা হয়েছে।
প্রস্তাবিত সংশোধনীতে বলা হয়েছে, বার কাউন্সিলের আদলে প্রেস কাউন্সিল সাংবাদিকদের নিবন্ধন এবং প্রকৃত সাংবাদিকদের একটি অনলাইন ডেটাবেজ তৈরির ক্ষমতা পাবে। একই সঙ্গে সাংবাদিকতার পেশাগত মান ও স্বীকৃতি নিশ্চিত করতে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের দায়িত্বও দেওয়া হবে প্রতিষ্ঠানটিকে।
তথ্যমন্ত্রী জানান, মানসম্মত সাংবাদিকতা নিশ্চিত করতে আচরণবিধি লঙ্ঘনকারী সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে জরিমানাসহ সুনির্দিষ্ট শাস্তির বিধান আইনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে। মিথ্যা বা হয়রানিমূলক প্রতিবেদন প্রকাশ এবং সাংবাদিকতার নীতিমালা ও জনস্বার্থবিরোধী সংবাদ পরিবেশনের বিষয়গুলোও এর আওতায় আসবে।
এ ছাড়া সাংবাদিকতার আচরণবিধি লঙ্ঘন কিংবা জনস্বার্থ ক্ষুণ্ন করে এমন সংবাদ প্রকাশ বা মুদ্রণের ক্ষেত্রে সংবাদপত্র ও গণমাধ্যম প্রতিষ্ঠান, সম্পাদক, প্রকাশক এবং সাংবাদিকদের বিরুদ্ধে কাউন্সিল নিজ উদ্যোগে তদন্ত শুরু করতে পারবে। এ ধরনের ঘটনায় প্রয়োজনীয় আদেশ জারি ও ব্যবস্থা নেওয়ার ক্ষমতাও দেওয়ার প্রস্তাব রয়েছে। গুজব, ভুয়া খবর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের ক্ষেত্রেও এই ক্ষমতা প্রয়োগ করা যাবে।
এদিকে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ (ডিইউজে) বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে সরকার নিয়মিত আলোচনা ও পরামর্শ করছে।
তিনি বলেন, সাংবাদিক সংগঠনগুলোর পরামর্শের ভিত্তিতে প্রকৃত সাংবাদিকদের একটি ডেটাবেজ তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের। তবে কাকে সাংবাদিক হিসেবে বিবেচনা করা হবে, সে বিষয়ে মানদণ্ড প্রস্তাব করার উপযুক্ত কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সাংবাদিক সংগঠনগুলো।
তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, কে কোন পেশায় প্রবেশ করতে পারবেন কিংবা মানুষ কীভাবে নিজেদের মতপ্রকাশ করবেন, তা নির্ধারণ করা সরকারের জন্য সমীচীন নয়।
তিনি বলেন, ‘আমরা মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। একই সঙ্গে সর্বত্র বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য প্রচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’



