সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের প্রতিরক্ষামূলক সহায়তা দিতে প্রস্তুত পাকিস্তান। দুই দেশের যৌথ প্রতিরক্ষা চুক্তি এবং মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রয়োজনে দ্রুত সেনা ও সামরিক সক্ষমতা মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।
সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আশারক আল-আওসাতকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবের প্রতিরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে ইসলামাবাদ প্রস্তুত রয়েছে। দেশটির নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের অঙ্গীকার ‘সম্পূর্ণ ও আপসহীন’।
আহমেদ শরিফ চৌধুরী জানান, পাকিস্তানের সেনাসদস্যরা ইতিমধ্যে সৌদি আরবে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। প্রতিরক্ষায় সহায়তা, সামরিক মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেওয়া তাঁদের প্রধান দায়িত্ব। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সেনাসদস্য মোতায়েন, সামরিক সরঞ্জাম সরবরাহ, প্রশিক্ষণ এবং রসদ সহায়তা অব্যাহত রাখবে পাকিস্তান।
তিনি বলেন, যৌথ প্রতিরক্ষা প্রতিশ্রুতি কার্যকর করতে দুই দেশের সামরিক প্রস্তুতি আরও জোরদার, বাহিনীগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি, গোয়েন্দা তথ্য বিনিময় এবং যৌথ প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। তবে সম্ভাব্য সেনা মোতায়েনের সংখ্যা, অবস্থান কিংবা অভিযানসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না।
সৌদি আরবের বিমানবন্দর, বিভিন্ন শহর এবং বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোয় সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের এই সামরিক মুখপাত্র বলেন, এসব হামলা দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। একই সঙ্গে এগুলো আঞ্চলিক স্থিতিশীলতা এবং বেসামরিক মানুষের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। সৌদি আরব ও পবিত্র দুই মসজিদের নিরাপত্তা পাকিস্তানের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।
গত ২৬ অক্টোবর তেহরানে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের প্রতিনিধিদের সঙ্গে ইরানের বৈঠক প্রসঙ্গে চৌধুরী বলেন, ওই আলোচনার মূল উদ্দেশ্য ছিল আঞ্চলিক উত্তেজনা প্রশমন এবং সহযোগিতা বাড়ানো। বৈঠকে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির অংশ নেন। আলোচনায় চার দেশের মধ্যে সহযোগিতা জোরদারে সংলাপ অব্যাহত রাখার বিষয়ে অংশগ্রহণকারীরা একমত হন।
সাক্ষাৎকারে পাকিস্তানের সামরিক মুখপাত্র সৌদি আরব-পাকিস্তান দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি এবং সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের কাঠামোগত পার্থক্যও তুলে ধরেন।
তিনি জানান, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিটি দুই দেশের দীর্ঘদিনের সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। অন্যদিকে, তিন দেশের যৌথ প্রতিরক্ষা জোটে সম্মিলিত প্রতিরক্ষা, সামরিক প্রস্তুতি এবং পারস্পরিক সমন্বয়ের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
চৌধুরীর দাবি, উভয় উদ্যোগই প্রতিরক্ষামূলক। কোনো দেশের বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়া এসব চুক্তি বা জোটের উদ্দেশ্য নয়।
সূত্র: আশারক আল-আওসাত



