সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরাহতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। দুর্ঘটনায় ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাক জড়িত ছিল বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রাথমিক তথ্যের বরাত দিয়ে হতাহতের এ সংখ্যা জানায় মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্ঘটনার পর উদ্ধার ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশেষায়িত উদ্ধারকারী দল এবং জরুরি সেবাকর্মীরা কাজ করছেন। হতাহতদের উদ্ধার, প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং দুর্ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যক্রম অব্যাহত রয়েছে।
তবে কী কারণে এতগুলো যানবাহন একসঙ্গে দুর্ঘটনায় পড়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: রয়টার্স



