খাদ্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রভাবে ভারতে খুচরা মূল্যস্ফীতি বেড়ে গত অক্টোবরে ৬ দশমিক ০৯ শতাংশে পৌঁছেছে। ২০২৪ সালের অক্টোবরের পর এই প্রথম দেশটির মূল্যস্ফীতি কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) নির্ধারিত সর্বোচ্চ সহনশীল সীমা ৬ শতাংশ অতিক্রম করল।
ভারতের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়ের প্রকাশিত উপাত্ত অনুযায়ী, সেপ্টেম্বরে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ভিত্তিক সাধারণ খুচরা মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৫৪ শতাংশ। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৭৪ শতাংশ। তবে অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৪ শতাংশে।
অক্টোবরে সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি হয়েছে পেঁয়াজের। পণ্যটির মূল্যস্ফীতি রেকর্ড করা হয়েছে ১১৬ দশমিক ২২ শতাংশ। এ ছাড়া রসুনের দাম বেড়েছে ৬০ দশমিক ৭৪ শতাংশ, রুপার অলংকারের ৫২ দশমিক ৩৯ শতাংশ, আদার ৪৮ দশমিক ৩২ শতাংশ এবং লেবুর ৪৭ দশমিক ৩০ শতাংশ।
আরবিআইয়ের জন্য মূল্যস্ফীতি ২ থেকে ৬ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে ভারত সরকার। কিন্তু প্রায় দুই বছর পর আবারও সেই সীমা অতিক্রম করল দেশটির মূল্যস্ফীতি। এর আগে ২০২৪ সালের অক্টোবরে এই হার ছিল ৬ দশমিক ২৫ শতাংশ।
আগামী ২ থেকে ৪ ডিসেম্বর আরবিআইয়ের মুদ্রানীতি কমিটির (এমপিসি) বৈঠক হওয়ার কথা রয়েছে। তার আগে মূল্যস্ফীতির নতুন এই পরিসংখ্যান নীতিনির্ধারণী সিদ্ধান্তের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
উল্লেখ্য, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ভারতীয় রুপির দরপতন এবং অপরিশোধিত জ্বালানি তেলের উচ্চমূল্যের প্রেক্ষাপটে গত অক্টোবরে প্রায় চার বছর পর নীতি সুদহার বাড়ায় আরবিআই। একবারে শূন্য দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে সুদহার ৫ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ভবিষ্যতে সুদহার আরও বাড়ানোর সম্ভাবনার কথাও জানিয়েছিল তারা।
সূত্র: এনডিটিভি



