tanaka
প্রচ্ছদরাজধানীরাজধানীতে নিরাপত্তা জোরদার, বিভিন্ন স্থানে ডিএমপির চেকপোস্ট ও তল্লাশি

রাজধানীতে নিরাপত্তা জোরদার, বিভিন্ন স্থানে ডিএমপির চেকপোস্ট ও তল্লাশি

নগরবাসীর জানমালের সুরক্ষা, অপরাধ দমন এবং যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীজুড়ে নজরদারি বাড়িয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গুরুত্বপূর্ণ প্রবেশপথ, প্রধান সড়ক ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। একই সঙ্গে জোরদার করা হয়েছে পুলিশের টহল ও তল্লাশির কার্যক্রম।

বুধবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, ডিএমপির বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় এসব নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানোর পাশাপাশি মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে। এ ছাড়া সন্দেহজনক চলাচলের ওপরও রাখা হচ্ছে বিশেষ নজর।

ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে গুরুত্বপূর্ণ সড়ক এবং জনসমাগমপূর্ণ স্থানগুলোতে পুলিশি উপস্থিতি বাড়ানো হয়েছে।

আকতার হোসেন বলেন, নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধের লক্ষ্যেই ডিএমপির এ তৎপরতা চলছে। বিশেষ করে রাজধানীর সড়কে চলাচলকারী যানবাহন ও চালকদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।