tanaka
প্রচ্ছদঅন্যান্য২০২৭ সাল থেকে ইংল্যান্ডের স্কুলে শিক্ষার্থীদের ফোন রাখা পুরোপুরি নিষিদ্ধ

২০২৭ সাল থেকে ইংল্যান্ডের স্কুলে শিক্ষার্থীদের ফোন রাখা পুরোপুরি নিষিদ্ধ

ইংল্যান্ডের স্কুলগুলোতে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নিয়ম কার্যকর হলে স্কুল চলাকালে শিক্ষার্থীরা নিজেদের কাছে কোনো মোবাইল ফোন রাখতে পারবে না। ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে এ বিধিনিষেধ চালুর পরিকল্পনা রয়েছে।

গত জুনে আইনগত বাধ্যবাধকতাসহ জারি করা নির্দেশনায় স্কুল ও শিক্ষা ট্রাস্টগুলোকে পুরো স্কুল সময় ফোনমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বলা হয়েছিল। এবার সেই নীতিকে আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে দেশটির কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ‘নো সি, নো হিয়ার’ নীতি চালু আছে। এতে শিক্ষার্থীরা ফোন সঙ্গে রাখতে পারলেও সেটি দেখা বা শোনার সুযোগ পায় না। নতুন নির্দেশনায় এ ব্যবস্থাও আর বহাল থাকবে না।

তবে স্কুলপ্রধানদের বিভিন্ন সংগঠন বলছে, বাড়তি সরকারি অর্থায়ন না পেলে নতুন নিয়ম কার্যকর করা অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য কঠিন হয়ে উঠতে পারে।

শিক্ষামন্ত্রী লুসি পাওয়েল জানিয়েছেন, অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে সরকারের অবস্থান পরিষ্কার। তাঁর ভাষায়, ‘স্কুল হলো শেখা ও বন্ধুত্ব গড়ে তোলার জায়গা, ফোনে স্ক্রল করার নয়।’

সরকারের যুক্তি, স্কুলে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ থাকলে শিক্ষার্থীদের পড়াশোনা এবং সহপাঠীদের সঙ্গে সরাসরি যোগাযোগ ব্যাহত হতে পারে। তবে নতুন বিধিনিষেধ কীভাবে কার্যকর করা হবে, সে বিষয়ে স্কুলগুলোকে নিজেদের মতো ব্যবস্থা নেওয়ার সুযোগ দেওয়া হবে।

ইতোমধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এ ক্ষেত্রে আলাদা পদ্ধতি অনুসরণ করছে। কোনো স্কুলে ফোন রাখার জন্য বিশেষ তালাবদ্ধ পাউচ বা নিরাপদ লকার ব্যবহার করা হয়। আবার কোথাও দিনের শুরুতেই শিক্ষার্থীদের কাছ থেকে ফোন জমা নেওয়া হয়। কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পুরো ক্যাম্পাসেই মোবাইল ফোন নিষিদ্ধ।

বিবিসি ব্রেকফাস্টকে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী পাওয়েল বলেন, স্কুলে ফোন নিষিদ্ধ করার মতো পদক্ষেপ পুরো শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সরকার চায়, সব স্কুলেই এ ধরনের পরিবর্তন আসুক।

ম্যানচেস্টারের বার্নেজ একাডেমি ফর বয়েজের প্রধান শিক্ষক কার্ল হ্যারিসন জানান, শিক্ষার্থীদের ফোন ব্যবহার বন্ধ করতে মেটাল ডিটেক্টর ও বিশেষ পাউচের ব্যবস্থা করতে তাঁদের স্কুলে ২০ হাজার পাউন্ড ব্যয় হয়েছে।

তিনি বলেন, ফোন ব্যবহারের স্বাধীনতা সীমিত হওয়ায় কিছু শিক্ষার্থীর আপত্তি থাকলেও ফোন তালাবদ্ধ রাখার পর স্কুলে তাদের মধ্যে সরাসরি কথাবার্তা ও যোগাযোগ বেড়েছে। আগে শিক্ষার্থীরা ফোনে ব্যস্ত থাকলেও এখন একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছে।

হ্যারিসনের ভাষ্য, ‘এখন শিক্ষার্থীরা ফোনে স্ক্রল করার পরিবর্তে একে অপরের সঙ্গে কথা বলতে পারে।’

তিনি আরও জানান, শ্রেণিকক্ষেও শিক্ষার্থীদের মনোযোগ বেড়েছে। ফোনের কারণে মনোযোগ বিচ্ছিন্ন হওয়ার সুযোগ কমে যাওয়ায় পড়াশোনায় উন্নতি হচ্ছে এবং শিক্ষার্থীরা ভালো ফল করছে।

ওয়েস্ট মিডল্যান্ডসের ব্রাউনহিলস অরমিস্টন একাডেমিসহ আরও কয়েকটি স্কুলে শিক্ষার্থীদের ফোন রাখার জন্য বিশেষ তালাবদ্ধ পাউচ দেওয়া হচ্ছে।

নতুন নীতি বাস্তবায়নে অর্থায়নের বিষয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী পাওয়েল বলেন, প্রতিটি স্কুল যেন নিজেদের প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি বেছে নিতে পারে, সরকার সে বিষয়টিকেই গুরুত্ব দিচ্ছে।

এদিকে প্রচারাভিযানভিত্তিক সংগঠন জেনারেশন ফোকাসের সহপ্রতিষ্ঠাতা শার্লট অ্যাশটন সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁর মতে, ‘নো সি, নো হিয়ার’ নীতি কার্যকর হচ্ছে না। কারণ, শিক্ষার্থীরা এখনো স্কুলের শৌচাগারে বসে টিকটক ব্যবহার করছে।

অন্যদিকে ছায়া শিক্ষামন্ত্রী লরা ট্রট বলেছেন, লেবার পার্টির সরকার অবশেষে তাদের দাবিতে সাড়া দিয়ে স্কুলে স্মার্টফোন ব্যবহারে কার্যকর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে, যা ইতিবাচক। স্কুলে প্রযুক্তি ব্যবহারের নিরাপত্তা মান পর্যালোচনার উদ্যোগকেও তিনি সমর্থন জানিয়েছেন। তবে শ্রেণিকক্ষে কোন ধরনের প্রযুক্তি ব্যবহারের অনুমতি থাকবে, সে বিষয়ে সরকারের সমন্বিত পরিকল্পনা নেই বলে অভিযোগ করেছেন তিনি।

যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে শিক্ষাব্যবস্থা আলাদাভাবে পরিচালিত হয়। ফলে স্কুলে মোবাইল ফোন ব্যবহারের নিয়মও অঞ্চলভেদে ভিন্ন।

স্কটল্যান্ড সরকার স্কুলে ব্যক্তিগত প্রয়োজনে মোবাইল ফোন ব্যবহারে বিধিনিষেধ আরোপ করতে নতুন আইন প্রণয়নের ঘোষণা দিয়েছে। এ বিষয়ে জনমত যাচাইয়ের উদ্যোগও নেওয়া হয়েছে।

ওয়েলসে শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ করতে জাতীয় পর্যায়ে আইন প্রণয়নের একটি প্রস্তাব সম্প্রতি পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়েছে। তবে সেপ্টেম্বরে এ বিষয়ে ১২ সপ্তাহের পরামর্শ গ্রহণ কার্যক্রম শুরু করেছে ওয়েলস সরকার। স্কুলগুলোকে নিজস্ব মোবাইল ফোন নীতিমালা তৈরিতে সহায়তা করার জন্য এ কার্যক্রমের আওতায় নির্দেশনা প্রস্তুত করা হবে। পাশাপাশি স্কুল চলাকালে ফোন ব্যবহারে বিধিনিষেধ আরোপে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করা হচ্ছে। তবে নিজস্ব নীতি নির্ধারণ ও বাস্তবায়নে স্কুলপ্রধানদের স্বাধীনতা থাকবে।

নর্দার্ন আয়ারল্যান্ডেও স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনায় রয়েছে। গত আগস্টে দেশটির শিক্ষামন্ত্রী পল গিভান এ বিষয়ে আইনগতভাবে নিষেধাজ্ঞা আরোপ করা যায় কি না, তা জানতে ১২ সপ্তাহের পরামর্শ গ্রহণ কার্যক্রম শুরু করেন। তাঁর মতে, নর্দার্ন আয়ারল্যান্ডের শিক্ষাব্যবস্থায় আরও কঠোর ও সবার জন্য অভিন্ন নীতি প্রয়োজন।

তবে স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করার পরিকল্পনাটি যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সম্ভাব্য নিষেধাজ্ঞা থেকে আলাদা। আগামী মার্চে কার্যকর হওয়ার কথা থাকা ওই নিষেধাজ্ঞার আওতায় ১৬ বছরের কম বয়সিরা ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট ও টিকটকের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে না। দেশটির সংস্কৃতিমন্ত্রী জানিয়েছেন, ভিন্টেড ও ইবের মতো অনলাইন মার্কেটপ্লেসও নিষেধাজ্ঞার আওতায় আনার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

সূত্র: বিবিসি