tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকআইআরজিসিকে নিষিদ্ধের পাল্টা জবাব, আর্জেন্টিনার নৌ ও বিমান বাহিনীকে সন্ত্রাসী ঘোষণা ইরানের

আইআরজিসিকে নিষিদ্ধের পাল্টা জবাব, আর্জেন্টিনার নৌ ও বিমান বাহিনীকে সন্ত্রাসী ঘোষণা ইরানের

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার ঘটনায় পাল্টা পদক্ষেপ নিয়েছে তেহরান। এবার আর্জেন্টিনার নৌ ও বিমান বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে ইরান। আর্জেন্টিনার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পারস্পরিক ব্যবস্থা হিসেবে এ ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আর্জেন্টিনার বর্তমান সরকার আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালা লঙ্ঘন করে ইরানের সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ অংশ আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। এর জবাবে ২০১৯ সালে প্রণীত ‘আইআরজিসিকে আমেরিকার সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা সংক্রান্ত আইন’ অনুসারে আর্জেন্টিনার নৌ ও বিমান বাহিনীর বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইরানের ওই আইনে বলা হয়েছে, কোনো দেশ যুক্তরাষ্ট্রের অনুসরণে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করলে সংশ্লিষ্ট দেশের বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই পরিস্থিতির সম্পূর্ণ দায়ভার আর্জেন্টিনা সরকারকেই নিতে হবে।

এর আগে চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রভাবের মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্টের দপ্তর থেকে আইআরজিসিকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার সিদ্ধান্তের কথা জানানো হয়। বুয়েনস এইরেসের অভিযোগ, ১৯৯৪ সালে আর্জেন্টিনার রাজধানীতে ইহুদি সম্প্রদায়ের এএমআইএ কেন্দ্রে সংঘটিত হামলায় অভিযুক্ত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে সহায়তা দিয়ে আসছে আইআরজিসি।

আর্জেন্টিনার ওই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিল ইরান। তেহরান একে বড় ধরনের কৌশলগত ভুল এবং ইরানি জনগণের জন্য চরম অপমান হিসেবে অভিহিত করে। দেশটির অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের রাজনৈতিক ও সামরিক চাপ এবং উসকানির কারণেই আর্জেন্টিনার প্রেসিডেন্ট এমন সিদ্ধান্ত নিয়েছেন।

বিশ্লেষকদের মতে, দুই দেশের পাল্টাপাল্টি পদক্ষেপে তেহরান ও বুয়েনস এইরেসের মধ্যকার কূটনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে।

সূত্র: প্রেস টিভি