tanaka
প্রচ্ছদজাতীয়বেসরকারি স্কুলে ভর্তি ২০২৭: আবেদন ফি, ভর্তি খরচ ও শ্রেণিভিত্তিক পরীক্ষার নিয়ম...

বেসরকারি স্কুলে ভর্তি ২০২৭: আবেদন ফি, ভর্তি খরচ ও শ্রেণিভিত্তিক পরীক্ষার নিয়ম প্রকাশ

২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির জন্য নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’-এ ভর্তির বয়স, আসনসংখ্যা, পরীক্ষার পদ্ধতি, আবেদন ফি, ভর্তি ও সেশন চার্জসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রথম শ্রেণিতে শিক্ষার্থী বাছাই হবে ডিজিটাল লটারিতে। অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শূন্য আসনের বিপরীতে লিখিত পরীক্ষা নিয়ে মেধাক্রম অনুসারে ভর্তি করা হবে।

প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ও শিক্ষাবর্ষ

নীতিমালা অনুযায়ী, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুসরণ করে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ১ জানুয়ারি তারিখে কমপক্ষে ৬ বছর এবং ৭ বছরের কম হতে হবে। এ ক্ষেত্রে জন্মতারিখ হতে হবে ১ জানুয়ারি ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২০-এর মধ্যে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত অতিরিক্ত ছাড় দেওয়া হবে।

নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, শিক্ষাবর্ষ গণনা করা হবে প্রতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিটি শ্রেণির একেকটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে।

কোন শ্রেণিতে কীভাবে ভর্তি পরীক্ষা হবে

প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া যাবে না। ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। পাশাপাশি নির্বাচিত শিক্ষার্থীদের সমানসংখ্যক অপেক্ষমাণ তালিকাও প্রস্তুত রাখতে হবে।

অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য প্রতিষ্ঠানের শূন্য আসনের বিপরীতে লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী নির্বাচন করতে হবে।

শ্রেণিভিত্তিক পরীক্ষার মানবণ্টন

দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষায় মোট ৫০ নম্বর থাকবে। পরীক্ষার সময় এক ঘণ্টা। বিষয়ভিত্তিক নম্বর বণ্টন হলো—

  • বাংলা: ১৫ নম্বর
  • ইংরেজি: ১৫ নম্বর
  • গণিত: ২০ নম্বর

চতুর্থ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষায় মোট নম্বর নির্ধারণ করা হয়েছে ১০০। পরীক্ষার সময় দুই ঘণ্টা। বিষয়ভিত্তিক মানবণ্টন—

  • বাংলা: ৩০ নম্বর
  • ইংরেজি: ৩০ নম্বর
  • গণিত: ৪০ নম্বর

আবেদন ফরমের দাম কত

ভর্তি আবেদন ফরমের মূল্যও নির্দিষ্ট করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অনলাইনে প্রথম শ্রেণির আবেদন ফরমের জন্য সর্বোচ্চ ১১০ টাকা নেওয়া যাবে। দ্বিতীয় থেকে নবম শ্রেণির ক্ষেত্রে ফরমের মূল্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া আবেদন ফরম বিতরণের জন্য কমপক্ষে সাত কার্যদিবস সময় রাখতে হবে।

এলাকাভেদে ভর্তি ও সেশন চার্জ কত

ভর্তি ফি ও সেশন চার্জসহ একজন শিক্ষার্থীর কাছ থেকে সর্বমোট কত টাকা নেওয়া যাবে, সে বিষয়ে এলাকাভিত্তিক সীমা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সর্বোচ্চ ফি হলো—

  • মফস্বল এলাকায়: ৫০০ টাকা
  • পৌরসভা (উপজেলা) এলাকায়: ১,০০০ টাকা
  • পৌরসভা (জেলা সদর) এলাকায়: ২,০০০ টাকা
  • ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকায়: ৩,০০০ টাকা

ঢাকা মহানগরীর বেসরকারি স্কুলে ভর্তি ফি

ঢাকা মহানগরীর প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা ফি নির্ধারণ করা হয়েছে। এমপিওভুক্ত স্কুলে ভর্তি ফি সর্বোচ্চ ৫ হাজার টাকা রাখা যাবে।

অন্যদিকে আংশিক এমপিওভুক্ত ও এমপিওবহির্ভূত প্রতিষ্ঠানে বাংলা মাধ্যমে ভর্তির জন্য সর্বোচ্চ ৮ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনের জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা নেওয়া যাবে। এসব ফির মধ্যে উন্নয়ন ফি সর্বোচ্চ ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

যেসব শিক্ষার্থী ভর্তিতে সংরক্ষিত আসনের সুবিধা পাবে

নীতিমালায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীর জন্য মোট আসনের নির্দিষ্ট অংশ সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত কোটার হার হলো—

  • মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান: ৫ শতাংশ
  • বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী: ২ শতাংশ
  • এতিমখানায় অবস্থানরত শিশু: ১ শতাংশ
  • শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সন্তান: ২ শতাংশ
  • সহোদর বা সহোদরদের জন্য: ৩ শতাংশ
  • যমজ ভাই বা বোন: ২ শতাংশ

নতুন ভর্তি নীতিমালায় বয়স ও শিক্ষার্থী নির্বাচনের নিয়ম থেকে শুরু করে পরীক্ষা, আবেদন ফরমের মূল্য এবং ভর্তি ব্যয়ের সীমা পর্যন্ত নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।