দেশের প্রতিটি নাগরিকের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি ২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, মানুষের ভৌগোলিক অবস্থান কিংবা সামাজিক মর্যাদা যেন স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।
বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের প্রথম সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। সম্মেলনে বিমসটেকের সদস্য দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রী, নীতিনির্ধারক ও স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা অংশ নেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুহার কমানো, পোলিওমুক্ত অবস্থান ধরে রাখা এবং টিকাদান কর্মসূচি সম্প্রসারণসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী টিকার আওতা ২ শতাংশ থেকে বাড়িয়ে ৮৫ শতাংশের বেশি করা হয়েছে। চলতি নভেম্বরের মধ্যেই শতভাগ টিকাদান কভারেজ নিশ্চিত করার লক্ষ্যে কার্যক্রম চলছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ০১ শতাংশে উন্নীত করা হয়েছে বলে জানান সরদার মো. সাখাওয়াত হোসেন। পর্যায়ক্রমে স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে নেওয়ার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি রোগ প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্যসেবার বিস্তার এবং জনসাধারণের মধ্যে স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
দেশের ৪ হাজার ৬০০টির বেশি ইউনিয়নে বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর্মীর সমন্বয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ বছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর শয্যাসংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১৫১ করার কাজ চলছে। এ ছাড়া বড় সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, ১৫টি বড় হাসপাতালে উন্নত চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা চালু এবং ‘ওয়ান হেলথ’ পদ্ধতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক ও সহজলভ্য করতে ডিজিটাল ব্যবস্থার ওপরও জোর দিচ্ছে সরকার। এ লক্ষ্যে সমন্বিত ইলেকট্রনিক হেলথ রেকর্ড ব্যবস্থা এবং প্রত্যেক নাগরিকের জন্য ইউনিক ই-হেলথ আইডি চালুর পরিকল্পনার কথা সম্মেলনে তুলে ধরেন মন্ত্রী।
আঞ্চলিক স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিমসটেকের সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি একটি আঞ্চলিক জেনেটিক রোগ পর্যবেক্ষণ ও আগাম সতর্কতা ব্যবস্থা প্রতিষ্ঠার প্রস্তাব দেন।
সাখাওয়াত হোসেন বলেন, অসংক্রামক রোগ, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এবং মহামারি মোকাবিলা কোনো একক দেশের পক্ষে সহজ নয়। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ জরুরি। পারস্পরিক সহযোগিতা, উদ্ভাবন ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বিমসটেকভুক্ত দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত।



