ঢাকা-১৬ আসনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে রাষ্ট্র, সমাজ ও ব্যক্তিগত উদ্যোগের সমন্বয় প্রয়োজন বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, আগামী প্রজন্মের জন্য আধুনিক ও আনন্দময় শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
বুধবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুর আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের দুটি নতুন ভবন, অভিভাবক ছাউনি ও স্কুল ক্লিনিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমিনুল হক বলেন, ঢাকা-১৬ আসনের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি। কোথাও নতুন ভবন নির্মাণ, কোথাও পুরোনো অবকাঠামো সংস্কার ও আধুনিকায়ন, আবার কোনো প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব কিংবা খেলার মাঠের উন্নয়ন প্রয়োজন। এসব সমস্যা সমাধানে ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সামাজিক ও রাষ্ট্রীয় সহযোগিতা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিয়ে স্বাবলম্বী করে তুলতে পারলে দেশ, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্ম সবাই উপকৃত হবে। এমন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করা প্রয়োজন, যেখানে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে জ্ঞান অর্জন করতে পারবে।
নতুন প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে সচেতন করার ওপরও গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার আগের ও পরের প্রকৃত ইতিহাস সম্পর্কে প্রত্যেক শিক্ষার্থীর পরিষ্কার ধারণা থাকা জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে এই ইতিহাস সঠিকভাবে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সবার দায়িত্ব।
নিজের বেড়ে ওঠার স্মৃতিচারণ করে আমিনুল হক জানান, শৈশব থেকেই এই এলাকায় তাঁর বসবাস। এখানেই পড়াশোনা ও খেলাধুলা করেছেন তিনি। পল্লবীর মাজেদুল ইসলাম স্কুল তাঁর নিজের শিক্ষাপ্রতিষ্ঠান। এ কারণে এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নকে তিনি ব্যক্তিগত দায়িত্ব হিসেবেও দেখেন।
সামাজিক সম্প্রীতি ও সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, নিজের ভালো থাকার পাশাপাশি আশপাশের মানুষের ভালো থাকাও নিশ্চিত করতে হবে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মতপার্থক্য থাকলেও সমাজ ও রাষ্ট্রের স্বার্থে ঐক্য বজায় রাখা প্রয়োজন।
দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মানুষ গণতন্ত্র ও নিজেদের অধিকার ফিরে পেয়েছে। তাই কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা উচিত নয়। শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনে প্রত্যেককে দায়িত্বশীল আচরণ করতে হবে।
অনুষ্ঠানে ঢাকা-১৬ আসনে সরকারের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের অগ্রগতিও তুলে ধরেন আমিনুল হক। তিনি জানান, নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি এই কর্মসূচি ইতোমধ্যে আসনটিতে শুরু হয়েছে। ২ নম্বর ওয়ার্ডের পর পর্যায়ক্রমে ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের অগ্রাধিকার দিয়ে ধাপে ধাপে প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।
শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে স্বাবলম্বী নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট আলী আসরাফ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান শিক্ষক ও সদস্যসচিব মো. আলম মেহেদী হোসেন। এ সময় ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।



