জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সময়ে ডিসেম্বরে দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। সোমবার (৯ নভেম্বর) দেশে ফেরার জন্য নতুন পাসপোর্টের আবেদন করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁর এমন সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নানা প্রশ্ন। মৃত্যুদণ্ডের রায়, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তাঝুঁকির মধ্যে তিনি সত্যিই দেশে ফিরবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়।
এদিকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শেখ হাসিনার ডিসেম্বরকেন্দ্রিক প্রত্যাবর্তনের ঘোষণাকে এখনই বাস্তব উদ্যোগ হিসেবে দেখছেন না তাঁরা। ফলে তাঁকে দেশে ফেরা থেকে বিরত রাখতে এখন পর্যন্ত আলাদা কোনো কর্মসূচি নেওয়ার পরিকল্পনা নেই দলগুলোর। তবে ডিসেম্বরের আগে পরিস্থিতির অবনতি হলে প্রয়োজন অনুযায়ী রাজনৈতিক কর্মসূচি নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
সংবিধান সংশোধনসহ বিভিন্ন ইস্যুতে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতপার্থক্য থাকলেও শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে তিন দলের অবস্থানে মিল রয়েছে। ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক অবস্থানে থাকা দলগুলোই বিষয়টির ওপর নজর রাখছে। প্রয়োজনে রাজনৈতিক কর্মসূচি দেওয়ার কথাও জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
ডিসেম্বর যত ঘনিয়ে আসছে, শেখ হাসিনাকে ঘিরে রাজনৈতিক আলোচনা ততই বাড়ছে। তবে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিএনপি। দলটির নেতাদের বক্তব্য, শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিচার হবে। একই সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে দেশে কোনো ধরনের অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে বিএনপি। জামায়াত, এনসিপিসহ অন্যান্য ফ্যাসিবাদবিরোধী দলও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
দলগুলোর কয়েকজন নেতার মতে, দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক কর্মীদের সক্রিয় রাখা এবং চাপ তৈরির কৌশলও হতে পারে। তবে সম্ভাব্য সহিংসতা বা নাশকতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তাঁরা। এ কারণে দলীয় সাংগঠনিক ইউনিটগুলোকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।



