tanaka
প্রচ্ছদসারাদেশটুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশব্যাপী ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া সাতটি মোটরসাইকেল জব্দ ও ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড়ে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বেশ কয়েকজন নেতা-কর্মী লগি-বৈঠা নিয়ে জড়ো হন। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও তাদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন তারা।

মিছিলটি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীদের একাংশ পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে টুঙ্গিপাড়া মোড়সহ আশপাশের এলাকায় লগি-বৈঠা হাতে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন তারা।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টুঙ্গিপাড়ায় পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এর আগে সোমবার (৯ নভেম্বর) রাতেও গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

একই রাতে বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এ ছাড়া কোটালীপাড়ায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, সোমবার রাতের সহিংসতার ঘটনায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় সাতটি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি ককটেল উদ্ধার করা হয়। জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।