মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ও এনসিপি নেতা আজাদ খান ভাসানী চিকিৎসাজনিত কারণে অর্জিত ছুটিতে থাকলেও নিয়মিতভাবে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন—এমন অভিযোগ উঠেছে।
২০২৫ সালের ৩ আগস্ট তিনি চিকিৎসকের পরামর্শে ‘লোয়ার লিম্ব ব্যাক পেইন’-এর কারণে মেডিকেল ছুটি নেন। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. আহাম্মদ হোসেন সিদ্দিকীর সুপারিশে তাকে ১২ সপ্তাহ বেড রেস্টে থাকার নির্দেশ দেওয়া হয়। এর ভিত্তিতে ৩ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫৭ দিনের ছুটি মঞ্জুর করা হয়।
কিন্তু সরেজমিনে দেখা গেছে, ছুটি শুরুর মাত্র চার দিন পর, অর্থাৎ ৭ আগস্ট থেকেই আজাদ খান ভাসানী বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। জনসংযোগ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ একাধিক কর্মসূচিতে তার উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বিশ্ববিদ্যালয় আইন ২০০১-এর ৪৭ নম্বর ধারা এবং ২০২৪ সালের ১২ আগস্ট পাস হওয়া রিজেন্ট বোর্ড ও একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিষিদ্ধ। একই সঙ্গে সরকারি কর্মচারী আচরণবিধিরও একাধিক ধারা ভঙ্গ করে চলতি বছরের মে মাস থেকেই তিনি প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে দলের নেতাদের বিশ্ববিদ্যালয়ের দরবার হলে আনা, দেশের বিভিন্ন স্থানে সভা-সমাবেশে যোগ দেওয়া এবং এনসিপির কৃষক উইং পুনর্গঠনের দায়িত্ব নেওয়া উল্লেখযোগ্য।
তার অফিসে উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি বিজ্ঞান অনুষদের ডিনের তত্ত্বাবধানে থাকলেও তথ্য অধিকার আইনে উপস্থিতির রেকর্ড চাইলে ডিন ড. মো. ইদ্রিস আলী কোনো তথ্য দেননি, যা স্বচ্ছতা নিয়ে সন্দেহ তৈরি করেছে।
এ বিষয়ে জানতে চাইলে ডিন ড. মো. ইদ্রিস আলী বলেন,
“কাগজপত্র দেখে বলতে হবে ছুটি কীভাবে ফরওয়ার্ড হয়েছে। সম্ভবত বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনেই করেছি। বাইরে কী করছে সেটা আমার দেখার বিষয় না। পরে যদি প্রমাণ পাওয়া যায় ছুটির অপব্যবহার হচ্ছে, তখন ব্যবস্থা নেওয়া যাবে। রাজনীতির বিষয়টি এখনো আমাদের কনসার্নে আসেনি; এলে প্রশাসনকে জানাবো। আমি একা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখি না।”
অভিযোগের বিষয়ে আজাদ খান ভাসানী বলেন,
“আমি কোথাও গেলে কোমরের বেল্ট ব্যবহার করেই যাই। বিএনপির অনেক কর্মকর্তাও অফিস করছেন না। আমি নিয়মিত অফিস করেছি, তাই অর্জিত ছুটি আছে। এগুলো শুধু চিকিৎসাজনিত কারণে ব্যবহার করা যায়। সহকর্মীদেরও বলেছি, যত দ্রুত সম্ভব চাকরি ছাড়ব। লোন থাকায় এখনো ছাড়তে পারছি না। অফিসিয়ালি ছুটিতে আছি, তাই বেতন-ভাতা নিচ্ছি। প্রয়োজনে আবারও অর্জিত ছুটি নেব।”
উল্লেখ্য, আজাদ খান ভাসানী মজলুম জননেতা মাওলানা ভাসানীর নাতি। তবে তার এ ধরনের কর্মকাণ্ড পরিবারেও সমালোচিত হয়েছে। পরিবারের এক সদস্য (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন,
“আজাদ সব সময় ভাসানীর নাম ব্যবহার করে ব্যক্তিগত ফায়দা নিচ্ছে। অথচ ভাসানীর আদর্শ এমন ছিল না। তিনি ছিলেন জনগণের নেতা, স্বার্থের রাজনীতি করতেন না।”



