রংপুরের পীরগঞ্জে ইয়াবাসহ রামনাথপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান ও তাঁর এক সহযোগীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনার পর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মিজানকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা যুবদল।
শনিবার (৭ নভেম্বর) উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
আটক মিজানুর রহমান মিজানের বয়স ৩৫ বছর। তিনি মাদারহাট জুম্মাপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে। তাঁর সঙ্গে আটক অপর ব্যক্তি মশিউর রহমান (২৩)। তিনি একই এলাকার মধ্যপাড়ার রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শনিবার দুপুরে মাদারহাট এলাকায় ইয়াবা বিক্রির সময় মশিউর রহমানকে হাতেনাতে আটক করেন এলাকাবাসী। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে যুবদল নেতা মিজানকেও আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৯২ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ১৬ জন খুচরা ক্রেতার নামের একটি তালিকা উদ্ধার করা হয় বলে দাবি করেছেন স্থানীয়রা।
পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে যায় পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আটক দুজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
এদিকে মিজানুর রহমানকে দল থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ। তিনি বলেন, যুবদলের কোনো নেতা বা কর্মী মাদক কিংবা অন্য কোনো অপরাধে জড়িত থাকলে তার দায় দল নেবে না। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইতোমধ্যে মিজানকে অব্যাহতি দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক জানান, স্থানীয়রা ৯২ পিস ইয়াবাসহ দুজনকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাঁদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।



