দূর থেকে গোল করার ক্ষেত্রে নিজের ধারাবাহিকতা ধরে রেখেছেন ফেদেরিকো ভালভার্দে। শনিবার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৩-০ গোলের জয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোল করে লা লিগার বিশেষ পরিসংখ্যানে নিজের অবস্থান আরও শক্ত করেছেন উরুগুয়ের এই মিডফিল্ডার। তাঁর সামনে এখন কেবল লিওনেল মেসি ও ইয়াগো আসপাস।
মেস্তায়ায় অনুষ্ঠিত ম্যাচে ২৮ মিনিটে বক্সের বাইরে থেকে শক্তিশালী শটে জালের দেখা পান ভালভার্দে। স্প্যানিশ পরিসংখ্যানভিত্তিক অ্যাকাউন্ট ‘মিস্টারচিপ’-এর তথ্য অনুযায়ী, লা লিগায় তাঁর মোট গোলসংখ্যা ২৬। এর মধ্যে ১৬টি গোলই করেছেন বক্সের বাইরে থেকে, যা তাঁর মোট গোলের প্রায় ৬২ শতাংশ।
২০১৭ সালের সেপ্টেম্বরে স্পেনের শীর্ষ ফুটবল লিগে অভিষেকের পর থেকে বক্সের বাইরে থেকে গোল করার তালিকায় ভালভার্দের চেয়ে এগিয়ে আছেন মাত্র দুজন। ৩৪টি গোল নিয়ে শীর্ষে রয়েছেন বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসি। ২০টি গোল করে দ্বিতীয় স্থানে আছেন ইয়াগো আসপাস। ১৬টি গোল নিয়ে তাঁদের পরেই রয়েছেন ভালভার্দে।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে রিয়ালের বাকি দুটি গোল করেন আরদা গুলার ও কিলিয়ান এমবাপে। ৩৬ মিনিটে গুলার ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ৭৫ মিনিটে এমবাপের গোলে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় মাদ্রিদের দলটির। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি রিয়ালের টানা অষ্টম জয়।
ম্যাচের শেষদিকে আরও একটি ঘটনায় উত্তেজনা ছড়ায়। এমবাপেকে ফাউল করে ৭৯ মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন ভ্যালেন্সিয়ার অধিনায়ক হোসে গায়া। ফলে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় স্বাগতিকদের।



