tanaka
প্রচ্ছদরাজধানীরাজধানীতে একরাতে চার এলাকায় ককটেল বিস্ফোরণ

রাজধানীতে একরাতে চার এলাকায় ককটেল বিস্ফোরণ

রাজধানীতে এক রাতেই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরসহ অন্তত চারটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই রাতে বারিধারায় একটি যাত্রীবাহী বাসেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত খিলগাঁও, মিরপুরের কালশী, শাহবাগ ও বিমানবন্দর এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। পৃথক এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের ভেতরে একটি ককটেল বিস্ফোরিত হয়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আনসার সদর দপ্তরের ভেতরে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, আশপাশের কোনো ভবনের ছাদ অথবা নিচের কোনো স্থান থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়ে থাকতে পারে।

এর আগে সন্ধ্যায় রাজধানীর বারিধারার জে-ব্লক এলাকায় বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। নতুন বাজার এলাকায় যাত্রী নামানোর কিছুক্ষণ পর দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।

তবে কারা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত করতে পারেননি পরিবহন কোম্পানির কর্মকর্তারা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি সরিয়ে নেয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসটির চালক ও হেলপারকে থানায় নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

এদিকে রাত ১০টা ২০ মিনিটের দিকে শাহবাগের আইবি গেটের সামনে পুলিশের ডিউটি গাড়ি লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে রাত ১২টা ১ মিনিটের দিকে শাহবাগের জুলাই চত্বরের পাশেও আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

শাহবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক জানান, দুটি বিস্ফোরণের ঘটনাই ঘটেছে পুলিশের ডিউটি গাড়িকে লক্ষ্য করে। তাঁর ধারণা, মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি।

অন্যদিকে, মিরপুরের কালশী মোড়েও মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেলে করে এসে বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, কারা এ বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

সবশেষে শুক্রবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর বিমানবন্দর গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার বলেন, উড়ালসড়ক থেকে কে বা কারা দুটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

একই রাতে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় ধারাবাহিক বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাগুলো তদন্ত করছে।