দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হঠাৎ করে ঘন কুয়াশা নেমেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত পুরো জেলা কুয়াশার চাদরে ঢাকা পড়ে। এতে গ্রামের ছোট পথ থেকে শহরের রাস্তাঘাট সবকিছুই আবছা হয়ে যায়। দৃশ্যমানতা এতটাই কম ছিল যে, কয়েক হাত দূরেও কিছু দেখা যাচ্ছিল না। ফলে যানবাহন চালকদের হেডলাইট জ্বালিয়ে চলতে হয়েছে। অনেকেই ভেবেছিলেন শীত আগেভাগে এসে গেছে, যদিও তখনও আবহাওয়া বেশ গরম ছিল। সকাল গড়াতেই সূর্যের আলো ফিরে আসার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার বাসিন্দা আসাদুল্লাহ রিপন বলেন, “সকালে ঘুম থেকে উঠে চারপাশ কুয়াশায় ঢেকে গেছে দেখলাম। সেপ্টেম্বর মাসে এমন কুয়াশা আগে কখনও দেখিনি।” টুনিরহাট এলাকার অটোচালক আব্দুর রহিম বলেন, “কুয়াশার কারণে হেডলাইট জ্বালালেও সামনে স্পষ্ট দেখা যাচ্ছিল না।”
চাকলাহাট এলাকার বাসিন্দা শাহিনুর ইসলাম বলেন, “সাধারণত নভেম্বর মাসে এমন কুয়াশা দেখা যায়। আজ সেপ্টেম্বরেই এমন দৃশ্য দেখে অবাক হয়েছি।”
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় ঢাকা পোস্টকে জানান, হঠাৎ কুয়াশা নামার কারণ মৌসুমি বায়ুর নিষ্ক্রিয়তা। তিনি বলেন, “এই কুয়াশা সারা দিন স্থায়ী হবে না। সকাল ৯টা বা ১০টার মধ্যে কেটে যাবে। এটি শীতের আগমনের ইঙ্গিতও বটে।”
তিনি আরও জানান, শনিবার সকাল ৬টা ও ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি, সর্বোচ্চ ২৯.৯ ডিগ্রি। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৮–৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।



