প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার সকালে সিলেটের কোম্পানীগঞ্জ সফরকালে হঠাৎ বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম অনুভব করলে তাঁকে নগরীর আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
অসুস্থতার কারণে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় পূর্বনির্ধারিত সফরসূচি বাতিল করেছেন মন্ত্রী।
জানা গেছে, শুক্রবার সকালে কোম্পানীগঞ্জে পৌঁছানোর পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে শরীর ঝিমঝিম করছিল তাঁর। এ অবস্থায় সফরসূচি বাতিল করে দ্রুত তাঁকে সিলেট নগরীর আখালিয়ায় মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়।
মন্ত্রীর সফরসঙ্গী সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, শারীরিক অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তিনি আগের তুলনায় অনেকটা সুস্থ বোধ করছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।
এদিকে সিলেট সিটি করপোরেশনের মেয়র থাকাকালে আরিফুল হক চৌধুরীর জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হিসেবে দায়িত্ব পালন করা এবং বর্তমানে অস্ট্রেলিয়াপ্রবাসী সাংবাদিক শাহাব উদ্দিন শিহাব জানান, গত কয়েক মাস ধরে মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি-সংক্রান্ত কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মন্ত্রী। পাশাপাশি শ্রমিক অসন্তোষ নিরসনে মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়েও তাঁকে দীর্ঘ সময় কাজ করতে হচ্ছে।
শাহাব উদ্দিন শিহাবের ভাষ্য অনুযায়ী, ঢাকায় থাকতেই মন্ত্রী কিছুটা অসুস্থ বোধ করছিলেন। তা সত্ত্বেও সিলেটে নিজের নির্বাচনি এলাকার পূর্বনির্ধারিত সফর বাতিল করেননি। সফরকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পারিবারিক সূত্রে তিনি জানতে পেরেছেন, বর্তমানে মন্ত্রী অনেকটা সুস্থ বোধ করছেন।
মন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তাঁর সুস্থতা কামনা করে শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শুভকামনা জানিয়েছেন।
এদিকে মন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে শুক্রবার বিকেলে সিলেটে পৌঁছেই সরাসরি হাসপাতালে যান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সেখানে তিনি আরিফুল হক চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।



