tanaka
প্রচ্ছদজাতীয়নিত্যপণ্যের উর্দ্ধমূল্যে নিম্ন আয়ের মানুষের নাকাল অবস্থা

নিত্যপণ্যের উর্দ্ধমূল্যে নিম্ন আয়ের মানুষের নাকাল অবস্থা

অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হওয়ার পর থেকে হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। সরবরাহ থাকলেও দাম কমছে না, বরং প্রতিদিনই বাড়ছে। বিশেষ করে চাল, ডাল, সবজি ও ডিমের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষকে বিপাকে ফেলেছে।

গরিবের মোটা চাল বিক্রি হচ্ছে কেজিতে ৬০ টাকা, সরু চাল ৯০ টাকা পর্যন্ত। সবজি অনেক ক্ষেত্রে কেজিপ্রতি ১০০ টাকার ওপরে। মসুর ডাল ১৫০ টাকা কেজি। ডিমের ডজন সর্বোচ্চ ১৫০ টাকা। ফলে নিম্ন আয়ের মানুষের জন্য ডাল-ভাত-সবজি যোগান এখন প্রায় স্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে। মাছ-মাংস তো দূরের কথা, পাতে ডিম তোলাও কঠিন হয়ে পড়েছে।

বাজারে গিয়ে চোখে পড়ে মানুষের অসহায়ত্ব। একসময় মাসের শুরুতে একসঙ্গে বাজার করা পরিবারগুলো এখন ভাগ করে সপ্তাহে কিনছে। প্রয়োজনের তুলনায় কম করে কিনে কোনোমতে বেঁচে থাকার চেষ্টা করছেন অনেকে। নিত্যপণ্যের বাড়তি ব্যয়ের চাপে শিক্ষা, চিকিৎসা ও যাতায়াতসহ অন্যান্য খরচে কাটছাঁট করতে হচ্ছে। মধ্যবিত্তের কাছে দাওয়াত-মেহমানদারিও এখন বিলাসিতা হয়ে গেছে।

চাল ও সবজির বাজার

খুচরা বাজারে স্বর্ণা জাতের মোটা চাল কেজি ৫৭–৬০ টাকা, বিআর-২৮ ও পাইজাম ৬৫ টাকা, মিনিকেট ৮০–৮৫ টাকা, নাজিরশাইল ৮৫–৯০ টাকা।
সবজির বাজারেও চড়া দাম: বরবটি ১০০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, শসা ১০০ টাকা, টমেটো ১৪০ টাকা, বেগুন ১০০–১৪০ টাকা, গাজর ১৩০ টাকা, মুলা ৮০ টাকা, মিষ্টি কুমড়া ও লাউ ৬০ টাকা।

মাছ-মাংস ও ডিম

চাষের রুই-কাতলা কেজি ৩৫০–৪২০ টাকা, তেলাপিয়া ২২০–২৬০ টাকা, পাঙাশ ২০০–২৫০ টাকা। চাষের চিংড়ি ৭৫০–৮০০ টাকা, নদীর চিংড়ি ১,০০০–১,২০০ টাকা। ব্রয়লার মুরগি ১৭০–১৮০ টাকা, সোনালি মুরগি ৩০০–৩২০ টাকা। গরুর মাংস ৭৫০–৮০০ টাকা, খাসির মাংস ১,২৫০ টাকা।

ভোক্তার ক্ষোভ

রাজধানীর নয়াবাজারে এক ক্রেতা মো. হাবিবুল্লাহ বলেন, “চাল আর ডাল কিনতেই টাকা শেষ হয়ে যাচ্ছে। সবজি বা মাছ কেনা প্রায় অসম্ভব।”

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নেতা এসএম নাজের হোসাইন বলেন, “এক শ্রেণির ব্যবসায়ী নিয়মিতভাবে দাম বাড়িয়ে ভোক্তাদের ঠকাচ্ছে। সরকারের পক্ষ থেকে কোনো স্থায়ী পদক্ষেপ নেই।”

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন, “অভিযান চালু আছে। অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হচ্ছে। ভোক্তার স্বার্থে এই কার্যক্রম চলবে।”