tanaka
প্রচ্ছদঅন্যান্যজেলহত্যা দিবস আজ

জেলহত্যা দিবস আজ

আজ ৩ নভেম্বর, জেলহত্যা দিবস। বাংলাদেশের ইতিহাসে দিনটি গভীর শোক ও বেদনার। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় নির্মমভাবে হত্যা করা হয় মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এবং মন্ত্রিসভার দুই সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানকে। বাংলাদেশের ইতিহাসে এ ঘটনা ‘জেলহত্যা’ নামে পরিচিত।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর তৎকালীন সরকারের সঙ্গে যুক্ত হতে অস্বীকৃতি জানানো তাঁর ঘনিষ্ঠ সহকর্মীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরবর্তী সময়ে দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি এবং অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৩ নভেম্বর রাতের আঁধারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। রাষ্ট্রীয় নিরাপত্তায় থাকা কারাগারের মতো সুরক্ষিত স্থানে এ ধরনের হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে।

জাতীয় চার নেতাকে হত্যার ঘটনায় পরদিন, ৪ নভেম্বর, তৎকালীন কারা উপমহাপরিদর্শক কাজী আবদুল আউয়াল লালবাগ থানায় মামলা করেন। দীর্ঘ ২১ বছর মামলাটির কার্যক্রম কার্যত থেমে থাকার পর ১৯৯৬ সালে এর তদন্ত শুরু হয়।

২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে ২০ আসামির মধ্যে তিনজনকে মৃত্যুদণ্ড, ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং পাঁচজনকে খালাস দেওয়া হয়। পরবর্তী সময়ে ২০১৭ সালের ৩০ এপ্রিল আপিল বিভাগের চূড়ান্ত সংক্ষিপ্ত রায়ে ২০০৮ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে ২০০৪ সালের নিম্ন আদালতের রায় বহাল রাখা হয়। সাজাপ্রাপ্ত ১১ আসামির মধ্যে ১০ জন এখনো পলাতক। তাঁদের মধ্যে একজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

এদিকে জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ১৫ দিনব্যাপী বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। ‘স্বাধীনতা সংগ্রামে জাতীয় চার নেতা’ শীর্ষক এ প্রদর্শনী আগারগাঁওয়ে অবস্থিত জাদুঘরের ৬ নম্বর গ্যালারিতে চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।