ফরিদপুরের আলফাডাঙ্গায় মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে অভিমানে গলায় ফাঁস নিয়ে রুমান তালুকদার (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) গভীর রাতে পৌর এলাকার নওয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত রুমান তালুকদার ওই এলাকার ফুলমিয়া তালুকদারের ছেলে। তিনি আলফাডাঙ্গা সরকারি কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পড়াশোনার পাশাপাশি রুমান প্রায়ই মায়ের কাছে টাকা চাইতেন। ঘটনার রাতেও তিনি মায়ের কাছে টাকা চান। তবে মা টাকা দিতে না চাইলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। এর কিছুক্ষণ পর পরিবারের সদস্যদের অগোচরে নিজের ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস নেন তিনি।
রুমানের মা নাজমা বেগম জানান, রাত আনুমানিক দেড়টার দিকে ছেলের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তিনি। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজায় ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের আড়ার সঙ্গে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙে মরদেহ নিচে নামান।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল সম্পন্ন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’



