ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। ১৯৯৯ সাল থেকে নিয়মিত অভিনয় করছেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের পরিচিত মুখ হয়ে উঠেছেন এই অভিনেতা। ক্যারিয়ারে এ পর্যন্ত ১৫৫ জন অভিনেত্রীর সঙ্গে পর্দা ভাগ করেছেন বলে জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘আমি ক্যারিয়ারের লম্বা এই সময়ে কখনো জুটি হয়ে কাজ করিনি। নির্মাতারা যখন যাকে চেয়েছেন, তার সঙ্গে কাজ করেছি। এ কারণে সমসাময়িক অনেকের চেয়ে আমার নায়িকার সংখ্যা একটু বেশি।’
মীর সাব্বিরের সঙ্গে অভিনয় করেছেন জয়া আহসান, তারিন জাহান ও পপির মতো জনপ্রিয় অভিনেত্রীরা। পাশাপাশি বর্তমান সময়ের অনেক অভিনেত্রীর সঙ্গেও কাজ করছেন তিনি। এমনকি একটি নাটকে সুবর্ণা মুস্তাফার সঙ্গে প্রধান চরিত্রেও অভিনয় করেছেন এই অভিনেতা।
তবে দীর্ঘ অভিনয়জীবনে ১৫৫ জন অভিনেত্রীর সঙ্গে কাজ করলেও তাঁর প্রথম নায়িকা কে ছিলেন—এ প্রশ্ন অনেকেরই কৌতূহলের বিষয়।
এ বিষয়ে মীর সাব্বির জানান, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে তাঁর অভিনয়জীবনের সূচনা। ক্যারিয়ারের শুরুর দিকে নায়িকা ছাড়াই বিভিন্ন নাটকে অভিনয় করেছেন তিনি। পরে ২০০০ সালের শুরুর দিকে অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দার সঙ্গে প্রথমবারের মতো পর্দা ভাগ করেন। ওই নাটকের প্রযোজক ছিলেন আবু তাহের।
অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও পরিচিতি রয়েছে মীর সাব্বিরের। এবার পরিচালনায় নতুন কাজ নিয়ে আসছেন তিনি। তাঁর পরিচালিত ‘খুব চেনা গল্প’ শিরোনামের একটি ধারাবাহিক নাটক শিগগিরই প্রচারে আসার কথা রয়েছে।



