দেশের চলচ্চিত্র অঙ্গনে নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর সিনেমা ‘গ্যাপ’। সম্পূর্ণ এআই প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে পরিচিত সিনেমাটি আনুষ্ঠানিক প্রদর্শনের জন্য সেন্সর ছাড়পত্র পেয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড কোনো দৃশ্য কর্তন ছাড়াই ছবিটিকে ছাড়পত্র দিয়েছে। সিনেমাটি দেখে বোর্ডের সদস্যরাও এর প্রশংসা করেছেন।
মাবরুর রশিদ বান্নাহর পরিচালনায় নির্মিত ‘গ্যাপ’ সিনেমায় অভিনয় ও ভিজ্যুয়াল নির্মাণে যুক্ত হয়েছেন আর্ক শিহাব, মাবরুর রশিদ বান্নাহ, রিজভী রিজু, সিনথিয়া ইয়াসমিন নুপুর, মিষ্টি ঘোষ, মোমেনা চৌধুরী, সাইফুল ইসলাম রাফি ও জাহাঙ্গীর আলম।
নির্মাতা মাবরুর রশিদ বান্নাহর ভাষ্য, ‘গ্যাপ’ কেবল একটি চলচ্চিত্র নয়, বরং বাংলা চলচ্চিত্রের জগতে ব্যতিক্রমী ও সাহসী এক উদ্যোগ। সম্পূর্ণ এআই প্রযুক্তির সহায়তায় সিনেমা নির্মাণের পরিকল্পনা শুরুতে অনেকের কাছেই অসম্ভব মনে হয়েছিল। তবে সেই চ্যালেঞ্জ থেকে পিছিয়ে আসেনি পুরো নির্মাণ দল। বিশ্বমানের বিভিন্ন এআই টুল ব্যবহার করে দীর্ঘ প্রচেষ্টার মধ্য দিয়ে সিনেমার প্রতিটি দৃশ্য তৈরি করা হয়েছে।
কোনো ধরনের দৃশ্য কর্তন ছাড়াই সেন্সর ছাড়পত্র পাওয়াকে পুরো টিমের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন নির্মাতা। তাঁর বিশ্বাস, সীমিত বাজেট ও জনবল নিয়েও যে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণ সম্ভব, ‘গ্যাপ’ তার একটি উদাহরণ হয়ে উঠবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিনেমাটির চিত্রনাট্য প্রণয়ন থেকে শুরু করে চরিত্র সৃষ্টি, অ্যানিমেশন, আবহসংগীত ও ভিজ্যুয়াল ইফেক্টসের বড় একটি অংশ তৈরি করা হয়েছে এআই প্রযুক্তির মাধ্যমে।
আকবর হায়দার মুন্না প্রযোজিত সিনেমাটি ৩১ অক্টোবর ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।



