রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কলাবুনিয়া এলাকায় আঞ্চলিক দুটি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীতপন্থী) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস-সন্তুপন্থী) মধ্যে থেমে থেমে ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটেছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন।
ওসি তোফাজ্জল হোসেন জানান, সাজেকের কলাবুনিয়া এলাকায় ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলির খবর পেয়েছে পুলিশ। ঘটনাস্থলটি থানা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত। দুই পক্ষের মধ্যে থেমে থেমে প্রায় এক ঘণ্টা গোলাগুলি হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এদিকে গোলাগুলির বিষয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, এ ধরনের কোনো গোলাগুলির খবর তিনি এখনো পাননি। এ ঘটনায় জেএসএসের সম্পৃক্ততার বিষয়টিও নাকচ করেন তিনি।
তবে তাঁর দাবি, ইউপিডিএফের মদদে সড়ক অবরোধের পাশাপাশি সাজেকের বিভিন্ন এলাকায় সংগঠনটির সশস্ত্র মহড়া চালানোর খবর পাওয়া যাচ্ছে। স্থানীয়দের ধারণা, জনগণের ওপর চাপ সৃষ্টি এবং পার্বত্য চুক্তির পক্ষের লোকজনের ওপর হামলার পরিকল্পনার অংশ হিসেবে এসব তৎপরতা চালানো হচ্ছে।
এ বিষয়ে বক্তব্য জানতে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।



