মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি জানিয়েছেন, ইরান কিংবা দেশটির মিত্রদের ওপর নতুন করে কোনো হামলা চালানো হলে তার জবাব দিতে ভৌগোলিক সীমারেখা বা প্রচলিত কোনো বিধিনিষেধ মেনে চলবে না ইরানের সামরিক বাহিনী।
মোজতবা খামেনির আনুষ্ঠানিক টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিশেষ বার্তায় ইরানের সামরিক বাহিনীকে যেকোনো নতুন হামলার ক্ষেত্রে তাৎক্ষণিক ও কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বার্তায় বলা হয়, প্রতিপক্ষ যদি নতুন করে কোনো সামরিক বা সন্ত্রাসী হামলা চালায়, তাহলে সংঘাত কখন এবং কীভাবে শেষ হবে, সেই সিদ্ধান্ত নেবে ইরানের জনগণ ও সামরিক বাহিনী।
বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিভিন্ন স্থাপনা এবং সামরিক অবকাঠামোকে সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এর মধ্য দিয়ে ইরান ইঙ্গিত দিয়েছে, নতুন করে যুদ্ধ শুরু হলে পাল্টা হামলা শুধু মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট কোনো অঞ্চলে সীমাবদ্ধ নাও থাকতে পারে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করায় আঞ্চলিক সংঘাতের পাশাপাশি বৃহত্তর নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ তৈরি হতে পারে।



