নতুন পোশাক কেনার সময় রং, নকশা, কাপড়ের মান ও মাপ যাচাই করেন অনেকেই। কিন্তু পোশাকের ভেতরে সেলাই করা ছোট্ট লেবেল বা ট্যাগটি প্রায়ই থেকে যায় উপেক্ষিত। অথচ এই ট্যাগেই লেখা থাকে কাপড়ের উপাদান, ধোয়ার নিয়ম, শুকানো ও ইস্ত্রি করার পদ্ধতিসহ পোশাকের যত্ন নেওয়ার গুরুত্বপূর্ণ নির্দেশনা। এসব তথ্য জানা থাকলে পোশাকের রং, আকৃতি ও গুণমান দীর্ঘদিন ভালো রাখা সম্ভব।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে পোশাক কেনার আগে লেবেলে থাকা কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
১. কাপড়ের উপাদান যাচাই করুন
পোশাক কতটা আরামদায়ক হবে এবং ব্যবহারের জন্য কতটা উপযোগী, তা অনেকাংশেই নির্ভর করে কাপড়ের উপাদানের ওপর। পোশাকটি সুতি, পলিয়েস্টার, লিনেন নাকি একাধিক তন্তুর মিশ্রণে তৈরি—সাধারণত এসব তথ্য ভেতরের ট্যাগে উল্লেখ থাকে।
সুতির কাপড়ে বাতাস চলাচল তুলনামূলক সহজ হওয়ায় গরম আবহাওয়ায় তা আরামদায়ক হতে পারে। অন্যদিকে, পলিয়েস্টারের পোশাকে সাধারণত ভাঁজ কম পড়ে এবং তা দ্রুত শুকাতে পারে। মিশ্র তন্তুর কাপড়ে একাধিক উপাদানের বৈশিষ্ট্য পাওয়া যায়।
তাই পোশাক কেনার সময় শুধু দেখতে সুন্দর লাগছে কি না, তা বিবেচনা করলেই হবে না। নিজের প্রয়োজন, আবহাওয়া ও ব্যবহারের ধরন অনুযায়ী উপযুক্ত কাপড় বেছে নিতে লেবেলের তথ্য দেখে নেওয়া জরুরি।
২. ধোয়ার নিয়ম জেনে নিন
সব পোশাক একই পদ্ধতিতে ধোয়া যায় না। কোনো পোশাক ওয়াশিং মেশিনে ধোয়া উপযোগী, আবার কোনোটি হাত দিয়ে ধোয়া বা ড্রাই ক্লিন করার প্রয়োজন হতে পারে। পোশাকের ট্যাগে সাধারণত ধোয়ার পদ্ধতি ও পানির উপযুক্ত তাপমাত্রা সম্পর্কে নির্দেশনা দেওয়া থাকে।
এসব নির্দেশনা উপেক্ষা করলে পোশাকের আকার ছোট-বড় হয়ে যেতে পারে, রং ফিকে হতে পারে কিংবা কাপড়ের তন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে নতুন পোশাক প্রথমবার ধোয়ার আগে লেবেলের নির্দেশনা পড়ে নেওয়া ভালো। এতে অনাকাঙ্ক্ষিত ক্ষতি এড়ানো সহজ হয়।
৩. শুকানো ও ইস্ত্রির নির্দেশনা দেখুন
পোশাক ধোয়ার পর কীভাবে শুকাতে হবে এবং কতটা তাপে ইস্ত্রি করতে হবে, তা-ও লেবেলে উল্লেখ থাকতে পারে। কিছু কাপড় অতিরিক্ত তাপে ইস্ত্রি করলে নষ্ট হয়ে যেতে পারে। আবার কিছু পোশাক দীর্ঘ সময় সরাসরি কড়া রোদে শুকালে রং ফিকে হওয়ার আশঙ্কা থাকে।
ট্যাগে থাকা প্রতীকগুলো দেখে পোশাক ঝুলিয়ে শুকানো উচিত, নাকি সমতল জায়গায় বিছিয়ে রাখা ভালো—সে সম্পর্কেও ধারণা পাওয়া যায়। একইভাবে, ইস্ত্রির তাপমাত্রা সম্পর্কে দেওয়া নির্দেশনা মেনে চললে কাপড় পুড়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি কমে।
৪. উৎপাদনসংক্রান্ত তথ্য যাচাই করুন
পোশাকের লেবেলে প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম, উৎপাদনের দেশ এবং অন্যান্য পরিচিতিমূলক তথ্য থাকতে পারে। এসব তথ্য থেকে পোশাকটির উৎপাদন ও পরিচয় সম্পর্কে ধারণা পাওয়া যায়।
কোনো পোশাক কেনার আগে এসব তথ্য দেখে নিলে পণ্যটি সম্পর্কে আরও সচেতন সিদ্ধান্ত নেওয়া সম্ভব। বিশেষ করে কাপড়ের উপাদান ও যত্নের নির্দেশনার পাশাপাশি উৎপাদনসংক্রান্ত তথ্যও যাচাই করা ভালো।
বিশেষজ্ঞদের পরামর্শ, পোশাক কেনার সময় শুধু রং, নকশা ও মাপের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ভেতরের ছোট্ট ট্যাগটিও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। কারণ, সেখানে থাকা নির্দেশনা মেনে চললে পোশাকের সঠিক যত্ন নেওয়া সহজ হয় এবং দীর্ঘদিন এর রং, আকৃতি ও গুণমান বজায় রাখা সম্ভব।



