তিন দফা দাবিতে আজ সারাদেশের সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একযোগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন। কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষার্থীরা সকাল ১১টা থেকে অবস্থান নেবেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি, পেশাগত সমস্যা নিরসনে গঠিত অসম ও পক্ষপাতদুষ্ট কমিটি প্রত্যাখ্যান এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবির বিরুদ্ধে রাষ্ট্রীয় অবস্থান চাওয়ার দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সব জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে বেলা ১১টা থেকে শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।



