জুলাই-আগস্ট মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেল আজ মামলার সাক্ষ্য ও জেরা গ্রহণ করছেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
সকাল ১১টার কিছু আগে মাহমুদুর রহমান ট্রাইব্যুনালে উপস্থিত হন এবং দুপুর ১২টা থেকে তার সাক্ষ্য প্রদান শুরু হয়। এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) তিনি প্রথম দিনের সাক্ষ্য প্রদান করেছিলেন। আজ তার অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ শেষে তাকে জেরা করবেন আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।
জেরা শেষে ট্রাইব্যুনাল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণ করবে। উল্লেখ্য, গতকাল (১৫ সেপ্টেম্বর) ছিল মামলার সাক্ষ্যগ্রহণের ১৬তম দিন। সেদিন ৪৬তম সাক্ষী হিসেবে মাহমুদুর রহমানের সাক্ষ্য অসম্পূর্ণ থাকায় আজকের জন্য তা মুলতবি করা হয়।



