২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় নরওয়ে ও নোবেল কমিটির তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তাকে পুরস্কার না দেওয়ার মধ্য দিয়ে নোবেল শান্তি পুরস্কারের বিশ্বাসযোগ্যতা দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে নরওয়ের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে তিনি বলেছেন, ‘আমরা নরওয়েকে ভুলব না।’
শুক্রবার (৯ অক্টোবর) এক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, আন্তর্জাতিক কূটনীতিতে তার ভূমিকা ও অর্জনের কারণে নোবেল শান্তি পুরস্কার তার প্রাপ্য ছিল। কিন্তু রাজনৈতিক আদর্শের বিবেচনায় নোবেল কমিটি সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার আইনজীবী ও জাতিসংঘের সাবেক মানবাধিকারবিষয়ক হাইকমিশনার নাভানেথেম ‘নাভি’ পিল্লাই। শান্তি ও আন্তর্জাতিক আইনে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মান দেওয়া হয়েছে।
সমাবেশে ট্রাম্প বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আমার প্রতিনিধিত্বে যুক্তরাষ্ট্রের নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত ছিল, কিন্তু তা হয়নি।’
নোবেল কমিটির সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ ও ‘বিব্রতকর’ বলে মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, উগ্র মতাদর্শের অনুসারীরা পুরস্কারটির মর্যাদা নষ্ট করেছেন এবং তারা গণতন্ত্র ও সভ্যতার বিরোধী। পুরস্কারপ্রাপ্ত পিল্লাইয়ের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে ট্রাম্প বলেন, দক্ষিণ আফ্রিকার এই আইনজীবীর নাম তিনি আগে কখনো শোনেননি।
কে এই নাভি পিল্লাই
১৯৪১ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে বর্ণবাদী শাসনের সময় জন্ম নেন নাভি পিল্লাই। মানবাধিকার আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করার পর আন্তর্জাতিক বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।
রুয়ান্ডার জন্য প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ছিলেন পিল্লাই। পরে আন্তর্জাতিক অপরাধ আদালতেও (আইসিসি) বিচারকের দায়িত্ব পালন করেন। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ছিলেন।
রুয়ান্ডার সংঘাতের সময় গণহত্যা ও যৌন সহিংসতার বিভিন্ন মামলার বিচারিক কার্যক্রমেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সাম্প্রতিক সময়ে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, পূর্ব জেরুজালেম ও ইসরাইল নিয়ে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। তবে ওই কমিশনের অনুসন্ধানী প্রতিবেদন ইসরাইল প্রত্যাখ্যান করেছে।
পিল্লাইকে পুরস্কার দেওয়ার ঘোষণা এমন এক সময়ে এসেছে, যখন আন্তর্জাতিক বিচারব্যবস্থা নিয়ে ওয়াশিংটনের সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের টানাপোড়েন বাড়ছে। একই দিনে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে আইসিসিকে সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের মতবিরোধ আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আটটি যুদ্ধ থামানোর দাবি ট্রাম্পের
নোবেল শান্তি পুরস্কারের জন্য নিজের যোগ্যতার কথা ট্রাম্প দীর্ঘদিন ধরেই বলে আসছেন। তার দাবি, বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতে হস্তক্ষেপ করে তিনি শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
শুক্রবারের সমাবেশে তিনি দাবি করেন, তার উদ্যোগে আটটি যুদ্ধ বন্ধ হয়েছে। একই সঙ্গে ইরান এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রেও আরও অগ্রগতি সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
তবে ট্রাম্পের এই দাবিগুলোর পরিধি ও সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে। তিনি যেসব সংঘাতের কথা উল্লেখ করেন, সেগুলোর কয়েকটির ক্ষেত্রে এখনো কোনো পূর্ণাঙ্গ শান্তিচুক্তি হয়নি। আবার কিছু ক্ষেত্রে যুদ্ধবিরতি বা কূটনৈতিক সমঝোতা হলেও দীর্ঘমেয়াদি সংঘাতের স্থায়ী নিষ্পত্তি হয়নি।
চলতি বছরের শুরুতে ইরানের বিরুদ্ধে ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রও সামরিক অভিযানে অংশ নেয়। পরে ওয়াশিংটন আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করলেও সামরিক হস্তক্ষেপের সঙ্গে একই সময়ে ট্রাম্পের নিজেকে শান্তি প্রতিষ্ঠার আন্তর্জাতিক নেতা হিসেবে উপস্থাপনের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতিও দিয়েছেন ট্রাম্প। কিন্তু রাশিয়ার সামরিক অভিযান এখনো চলছে এবং যুদ্ধ বন্ধে কোনো পূর্ণাঙ্গ শান্তিচুক্তি হয়নি।
নোবেল কমিটির সঙ্গে ট্রাম্পের অসন্তোষ অবশ্য এবারই প্রথম নয়। তিনি প্রায়ই নিজের কূটনৈতিক অর্জনের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার তুলনা করেন। দায়িত্ব নেওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে ২০০৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ওবামা।
মাচাদুর দেওয়া নোবেল পদক নিয়েও জটিলতা
ট্রাম্পের নোবেল পাওয়ার প্রত্যাশার সঙ্গে ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদুর বিষয়টিও আলোচনায় এসেছে। গণতান্ত্রিক অধিকার এবং ভেনেজুয়েলায় রাজনৈতিক পরিবর্তনের আন্দোলনে ভূমিকার স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন মাচাদু।
২০২৬ সালের জানুয়ারিতে প্রতীকীভাবে নিজের নোবেল পদক ট্রাম্পের হাতে তুলে দেন তিনি। কিন্তু নোবেল কমিটি পরে স্পষ্ট করে দেয়, কোনো নোবেলজয়ী তার পদক অন্য ব্যক্তিকে দিলেও পুরস্কারটি আনুষ্ঠানিকভাবে সেই ব্যক্তির নামে স্থানান্তর করা যায় না। নোবেল পুরস্কার প্রত্যাহার বা অন্য কারও সঙ্গে ভাগ করে দেওয়ারও বিধান নেই।
নরওয়ের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে?
ট্রাম্পের ক্ষোভের কেন্দ্রে নরওয়ে থাকলেও নোবেল শান্তি পুরস্কারের বিজয়ী নির্বাচনে দেশটির সরকারের সরাসরি কোনো ভূমিকা নেই। নরওয়ের পার্লামেন্টের মাধ্যমে নির্বাচিত পাঁচ সদস্যের একটি স্বাধীন কমিটি এই পুরস্কারের বিজয়ী নির্ধারণ করে।
আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী, শান্তি প্রতিষ্ঠায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দায়িত্ব এই কমিটির।
ফলে ট্রাম্পের হুঁশিয়ারির পর নতুন করে প্রশ্ন উঠেছে, স্বাধীন নোবেল কমিটির সিদ্ধান্ত নিয়ে তার অসন্তোষ ন্যাটোর দীর্ঘদিনের মিত্র নরওয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কেও কোনো প্রভাব ফেলবে কি না।
আন্তর্জাতিক আদালতগুলোকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ যখন ক্রমেই বাড়ছে, তখন এই বিতর্ক আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ইউক্রেন যুদ্ধসংক্রান্ত বিচারিক কার্যক্রমের কারণে আইসিসির প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং আদালতের অন্যান্য কর্মকর্তাদের প্রত্যর্পণের দাবিও জানিয়েছে রাশিয়া।
এই প্রেক্ষাপটে সাবেক আইসিসি বিচারক নাভি পিল্লাইকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত শুধু ট্রাম্পের পুরস্কার না পাওয়ার হতাশার বিষয়েই সীমাবদ্ধ থাকছে না; এটি আন্তর্জাতিক বিচারব্যবস্থা ও তার সঙ্গে যুক্ত রাষ্ট্রগুলোর রাজনৈতিক অবস্থান নিয়েও নতুন বিতর্ক তৈরি করেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার আগামী ১০ ডিসেম্বর নরওয়ের রাজধানী অসলোতে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে।



