বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞানে সীমাবদ্ধ না রেখে চাকরির বাজার ও আধুনিক কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তুলতে তিনটি বিশেষ দক্ষতা উন্নয়নমূলক কোর্স চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আগামী জানুয়ারি থেকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে এসব কোর্স চালুর পরিকল্পনা রয়েছে।
কোর্স তিনটি হলো—‘আইসিটি অ্যান্ড এআই’, ‘এমপ্লয়্যাবিলিটি স্কিল’ এবং ‘এথিক্স অ্যান্ড প্রফেশনালিজম’।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে আয়োজিত ‘ব্রিজিং অ্যাকাডেমিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট: রিসার্চ এক্সেলেন্স, ইনোভেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বর্তমান সময়ে শুধু বিষয়ভিত্তিক জ্ঞান অর্জন করলেই একজন শিক্ষার্থীর চাকরির বাজারে সফলতা নিশ্চিত হয় না। একাডেমিক শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, চাকরির প্রস্তুতি, যোগাযোগ দক্ষতা, পেশাগত আচরণ ও নৈতিকতার মতো ক্ষেত্রেও শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে হবে।
তিনি বলেন, ‘এই লক্ষ্যেই আগামী জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আইসিটি অ্যান্ড এআই, এমপ্লয়্যাবিলিটি স্কিল এবং এথিক্স অ্যান্ড প্রফেশনালিজম—এই তিনটি বিশেষ কোর্স চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব কোর্স শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি আধুনিক কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করবে।’
ইউজিসির হায়ার এডুকেশন অ্যাক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (এইচইএটি) প্রকল্পের আওতায় কোর্সগুলো চালু করা হবে বলে জানান তিনি।
তৃতীয় ভাষা শিক্ষায় গুরুত্ব
অধ্যাপক ড. মামুন বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতের আধুনিকায়নের পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষা, ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন এবং শিক্ষার আন্তর্জাতিকীকরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তার মতে, তৃতীয় ভাষায় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা গেলে শিক্ষার্থীদের জন্য দেশীয় শ্রমবাজারের পাশাপাশি আন্তর্জাতিক কর্মবাজারেও নতুন সম্ভাবনার দ্বার খুলবে। বিদেশি প্রতিষ্ঠান ও বিভিন্ন দেশের মানুষের সঙ্গে যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগও বাড়বে।
তিনি বলেন, তৃতীয় ভাষায় দক্ষতা বাংলাদেশের তরুণদের বৈশ্বিক কর্মবাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে পারে। এর মাধ্যমে দেশ-বিদেশে দ্রুত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তরুণদের চাকরিপ্রার্থী নয়, চাকরিদাতা হতে হবে
তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারের বিভিন্ন কর্মমুখী উদ্যোগের কথা তুলে ধরে ইউজিসির এ সদস্য বলেন, শিক্ষা ও প্রশিক্ষণের সঙ্গে কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি, প্রযুক্তিগত দক্ষতা এবং শিল্পখাতের চাহিদার সমন্বয় ঘটানোই এসব উদ্যোগের অন্যতম লক্ষ্য।
সরকারের ২০২৬–২৭ অর্থবছরের বাজেটেও তরুণদের দক্ষতা ও কর্মসংস্থানের বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে উল্লেখ করেন তিনি। বাজেটে প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি স্টার্টআপ ও তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড প্রস্তাব করা হয়েছে।
তিনি জানান, ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা জিডিপির প্রায় ২ শতাংশ। আগামী পাঁচ বছরে শিক্ষা খাতে বরাদ্দ ধীরে ধীরে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে।
অধ্যাপক ড. মামুন বলেন, ‘তরুণদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে তৈরি করলে হবে না, তাদের চাকরি সৃষ্টিকারী হিসেবেও গড়ে তুলতে হবে।’
এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ইনোভেশন হাব, ইনকিউবেশন সেন্টার, স্টার্টআপ ইকোসিস্টেম এবং শিল্পখাতের সঙ্গে কার্যকর সংযোগ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ
তরুণ উদ্যোক্তাদের সহায়তায় বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন ইউজিসির এ সদস্য। তিনি জানান, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ‘উদ্যোগ—উপজেলা ড্রিভেন ইউথ অপরচুনিটি ফর গ্রোথ’ কর্মসূচি চালু করেছে।
এই কর্মসূচির মাধ্যমে উপজেলা পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত করে তাদের অর্থায়ন, প্রশিক্ষণ, পরামর্শ ও বাজারসংযোগের সুযোগ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
অধ্যাপক ড. মামুন বলেন, কর্মসূচির আওতায় নির্বাচিত তরুণ উদ্যোক্তারা তাদের ব্যবসায়িক প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংক ঋণ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়ার ব্যবস্থা রয়েছে। কোনো জামানত ছাড়াই এই অর্থায়নের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রশিক্ষণ, পরামর্শ ও বাজারসংযোগেও সহায়তা দেওয়া হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ শুধু চাকরির জন্য প্রস্তুত করার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নতুন দক্ষতা অর্জন, নিজের কর্মসংস্থান তৈরি এবং অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে—এমনভাবে তাদের গড়ে তুলতে হবে।
সেমিনারে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। আলোচনায় উচ্চশিক্ষার সঙ্গে শিল্পখাতের কার্যকর সংযোগ, গবেষণা ও উদ্ভাবন, শিল্পায়ন এবং শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক উঠে আসে।



