tanaka
প্রচ্ছদরাজধানীঅটোরিকশা চলাচলে কঠোর দুই প্রশাসক, ‘আইন না মানলে গ্রামে ফিরে যান’

অটোরিকশা চলাচলে কঠোর দুই প্রশাসক, ‘আইন না মানলে গ্রামে ফিরে যান’

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক। উত্তর সিটির প্রশাসক বলেছেন, ঢাকার সড়কে চলতে হলে বিদ্যমান আইন ও নির্ধারিত নিয়ম মেনেই চলতে হবে। নিয়ম না মানলে রাজধানীর সড়কে এসব যান চলাচলের সুযোগ থাকবে না বলেও তিনি স্পষ্ট করেছেন। এমনকি আইন মানতে না চাইলে চালকদের গ্রামে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেছেন, কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য আলাদা আইন বা নিয়ম করার সুযোগ নেই। অটোরিকশাচালকদের অযৌক্তিক কোনো দাবিও মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।

রাজধানীর অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক—প্রায় সর্বত্রই ব্যাটারিচালিত রিকশার চলাচল বেড়েছে। এসব যানবাহনের বেপরোয়া চলাচল ও সড়কে সৃষ্ট বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ তৎপর হলে বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন চালকেরা। তাদের দাবির মধ্যে রয়েছে সড়কে হয়রানি বন্ধ এবং বৈদ্যুতিক চার্জিং পয়েন্টের ব্যবস্থা করা।

আন্দোলনের একপর্যায়ে রাজধানী দখলের হুমকিও দেন আন্দোলনকারীদের কেউ কেউ। তাদের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা হুঁশিয়ারি দিচ্ছি। মাসের শেষে আমরা মহাসমাবেশ করব, বাংলাদেশ করে দেওয়া হবে।’

তবে চালকদের এসব দাবিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, জনগণের স্বার্থ সুরক্ষায় সরকার তার অবস্থানে অনড় রয়েছে। কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য আলাদা নিয়ম বা বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই।

সিটি করপোরেশন প্রশাসনের বক্তব্য, রাজধানীর সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে সব ধরনের যানবাহনকেই বিদ্যমান আইন ও নির্ধারিত বিধিবিধান মেনে চলতে হবে। এর বাইরে কোনো গোষ্ঠীর দাবি বা চাপের ভিত্তিতে নিয়ম পরিবর্তনের সুযোগ নেই।