জুলাইয়ের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে ঠিক কোন ধরনের আইনি বা প্রশাসনিক মর্যাদায় অবস্থান করছেন—এ নিয়ে প্রশ্ন উঠেছে জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে। একই সঙ্গে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কী ধরনের কূটনৈতিক ও আইনি উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে, তা-ও জানতে চাওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকারের পক্ষ থেকে দুই দফায় আনুষ্ঠানিক কাগজপত্র ভারতের কাছে পাঠানো হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে কমিটির সদস্য এস কে আজিজুল বারী শেখ হাসিনার ভারতে অবস্থানের বর্তমান স্ট্যাটাস বা আইনি মর্যাদা সম্পর্কে জানতে চান। পাশাপাশি তাকে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় কী পদক্ষেপ নিয়েছে এবং এ বিষয়ে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, সে বিষয়েও জানতে চান তিনি।
সূত্রের ভাষ্য, বৈঠকে শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে দেশে ফেরানোর বিষয়টি শুধু আইনি বা প্রশাসনিক ইস্যু নয়, এর সঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের বিষয়টিও জড়িত বলে আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে ভারতের সঙ্গে প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনার বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ এবং কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত রয়েছে। তবে বৈঠকে শেখ হাসিনা বর্তমানে ভারতে ঠিক কী ধরনের আইনি বা প্রশাসনিক মর্যাদায় অবস্থান করছেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে তার বর্তমান স্ট্যাটাস এখনো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হিসেবেই রয়ে গেছে।
ওসমান হাদি হত্যা মামলার আসামিকে ফেরাতে ভারতের সঙ্গে আলোচনা
বৈঠকে আলোচিত শহীদ ওসমান হাদি হত্যা মামলার এক অভিযুক্তকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা হয়। কমিটির সদস্য এস কে আজিজুল বারী এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপ ও অগ্রগতি জানতে চান।
জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতে আটক ওই অভিযুক্তকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে। তাকে ফেরত পাওয়ার জন্য প্রয়োজনীয় কোর্ট ওয়ারেন্টও ভারতের কাছে সরবরাহ করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক মামলা চলমান থাকায় তাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।
বেনজীরের জামিন নিয়ে ইউএইর কাছে ব্যাখ্যা চাওয়া
বৈঠকে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার এবং পরে জামিন পাওয়ার বিষয়টিও আলোচনায় আসে। তার জামিনের বিষয়ে ইউএই সরকারের কাছে কোনো ব্যাখ্যা চাওয়া হয়েছে কি না এবং বাংলাদেশের পক্ষ থেকে কী ধরনের আইনি ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে, তা জানতে চান কমিটির সদস্য এস কে আজিজুল বারী।
জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, বেনজীর আহমেদের জামিনের বিষয়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সহযোগিতা করার জন্য একটি লিগ্যাল ফার্ম নিয়োগ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক কাগজপত্রও বাংলাদেশের পক্ষ থেকে ইউএই কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে সহযোগিতা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।
প্রবাসীদের জন্য ডিজিটাল সেবা বাড়ানোর প্রস্তাব
স্থায়ী কমিটির বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাস ও কনস্যুলেটগুলোর সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়টিও গুরুত্ব পায়। বিশেষ করে নারী কর্মী ও শিক্ষার্থীদের দ্রুত সহায়তা নিশ্চিত করা, জরুরি যোগাযোগের সুযোগ বাড়ানো এবং অভিযোগের অগ্রগতি পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
কমিটির এক সদস্য প্রবাসীদের জন্য পৃথক ডিজিটাল প্ল্যাটফর্ম বা অ্যাপ চালুর প্রস্তাব দেন। জরুরি হটলাইনে যোগাযোগকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা এবং অভিযোগের অগ্রগতি জানার জন্য কার্যকর কেস-ট্র্যাকিং ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে।
অবৈধ অভিবাসন ও মানব পাচার নিয়ন্ত্রণে জোর
বৈঠকে অবৈধ অভিবাসন ও মানব পাচার নিয়ন্ত্রণের বিষয়টিও গুরুত্ব পায়। আলোচনায় বলা হয়, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বৈধ অভিবাসন ও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে অনিয়মিত অভিবাসন, মানব পাচার, জাল ভিসা ও নথিপত্রের ব্যবহার এবং অননুমোদিত পথে বিদেশ যাওয়ার প্রবণতা বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, নিরাপদ, সুষ্ঠু ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন গন্তব্য দেশের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পাচারের শিকার ব্যক্তিদের উদ্ধার, দেশে ফিরিয়ে আনা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
রোহিঙ্গা সংকট নিয়ে কূটনৈতিক তৎপরতা
স্থায়ী কমিটির আলোচনায় দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটও গুরুত্ব পায়। বৈঠকে বলা হয়, রোহিঙ্গা সংকট বর্তমানে বিশ্বের অন্যতম জটিল, বহুমাত্রিক ও দীর্ঘস্থায়ী মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে। এই সংকট শুধু বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য নয়, পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।
বাংলাদেশ দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় পর্যায়ে নিরবচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদে নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করতে কাজ করছে বলে বৈঠকে জানানো হয়।
অর্থনৈতিক স্বার্থকে গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির সঙ্গে অর্থনৈতিক স্বার্থের সম্পর্ক নিয়েও আলোচনা হয়। নতুন শ্রমবাজার অনুসন্ধান, বাণিজ্য সম্প্রসারণ এবং বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
একই সঙ্গে জাতীয় অর্থনৈতিক স্বার্থকে পররাষ্ট্রনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিবেচনা হিসেবে দেখার ওপর জোর দেওয়া হয়েছে। বৈশ্বিক বাস্তবতায় কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার ও রেমিট্যান্সের মতো অর্থনৈতিক বিষয়গুলোকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে।



