tanaka
প্রচ্ছদজাতীয়মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী

মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী

বাজারে মাল্টা, খেজুরসহ আমদানিনির্ভর ফলের সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিকারকদের দ্রুত ঋণপত্র (এলসি) খুলে আমদানি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

একই সঙ্গে আমদানি মূল্য, শুল্ক-কর ও অন্যান্য ব্যয় বিবেচনার পরও খুচরা বাজারে প্রতি কেজি মাল্টার দাম কীভাবে ৫২০ টাকায় পৌঁছাচ্ছে, সে বিষয়ে ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চেয়েছেন তিনি। অস্বাভাবিক দামে মাল্টা বিক্রির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নির্দেশও দিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

শনিবার (৩ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ে ফলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং বাজারমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে কোনো পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সুযোগ দেওয়া হবে না। আমদানি ব্যয় ও বাজারদরের মধ্যে অসামঞ্জস্য থাকলে তার কারণ খুঁজে বের করতে হবে।

সরবরাহ ঘাটতিতে বাড়ছে দাম

সভায় ব্যবসায়ীরা মাল্টার মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে সরবরাহ ঘাটতির কথা তুলে ধরেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, কোনো কোনো সপ্তাহে দেশে মাত্র ১২ থেকে ২৯ কনটেইনার মাল্টা এসেছে। অথচ দেশের স্বাভাবিক চাহিদা পূরণে প্রতিদিন প্রায় ১৫ কনটেইনার মাল্টার প্রয়োজন হয়।

আমদানিকারকেরা জানান, উচ্চ শুল্ক, পরিবহন ব্যয়, জাহাজ ও বন্দরের নানা জটিলতা এবং আগের চালানে লোকসানের কারণে অনেক ব্যবসায়ী মাল্টা আমদানি কমিয়ে দিয়েছেন।

পচনশীল পণ্য হওয়ায় পরিবহন ও সংরক্ষণের সময়ও আমদানিকারকদের বড় ধরনের আর্থিক ঝুঁকি নিতে হয় বলে সভায় উল্লেখ করেন তারা।

ব্যবসায়ীদের বক্তব্য শোনার পর মাল্টার শুল্ক-সংক্রান্ত বিষয় পর্যালোচনার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী।

বিকল্প উৎস থেকে আমদানি বাড়ানোর তাগিদ

মাল্টার সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উৎস থেকে আমদানি বাড়ানোর ওপর গুরুত্ব দেন খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে আমদানিকারকদের দ্রুত এলসি খুলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাজারে সরবরাহ বাড়ানোর তাগিদ দেন তিনি।

আসন্ন চাহিদার কথা বিবেচনায় নিয়ে ব্যবসায়ীদের এখন থেকেই খেজুর আমদানির প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, খেজুর আমদানির শুল্ক-কর সংক্রান্ত বিষয়ে চলতি সপ্তাহেই সরকারের সিদ্ধান্ত জানানো হবে।

সভায় ব্যবসায়ীরা বিকল্প উৎস থেকে মাল্টাসহ বিভিন্ন বিদেশি ফলের আমদানি বাড়ানোর আশ্বাস দেন। সরকারের পক্ষ থেকেও শুল্ক-কর, শুল্কায়ন ও আমদানিপ্রক্রিয়ায় বিদ্যমান যৌক্তিক সমস্যাগুলো পর্যালোচনার কথা জানানো হয়।

সভায় বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জহিরুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধি, বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।