উত্তর আফ্রিকার মুসলিমপ্রধান দেশ মরক্কোর প্রাচীন শহর ফেজ। পাহাড়ঘেরা এই শহরের সরু, আঁকাবাঁকা গলিতে এখনো ইঞ্জিনচালিত গাড়ির চলাচল নেই। শহরের কেন্দ্রের দিকে এগোলেই চোখে পড়ে সবুজ সিরামিক টালির ছাদ। এসব ছাদের নিচেই শত শত বছর ধরে চলে আসছে জ্ঞানচর্চা।
ফেজের ঐতিহাসিক স্থাপত্যের অন্যতম নিদর্শন আল কারাউইয়্যিন। ৮৫৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানকে ইউনেস্কো ও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস বর্তমানে চালু থাকা বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দিয়েছে।
ইউরোপের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত ইতালির বোলোনিয়া বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় ১০৮৮ সালে—আল কারাউইয়্যিন প্রতিষ্ঠার দুই শতাব্দীরও বেশি সময় পর। অক্সফোর্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাও আরও পরে।
তবে আল কারাউইয়্যিনের ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য অধ্যায় হলো—এর প্রতিষ্ঠার সঙ্গে জড়িয়ে আছেন একজন মুসলিম নারী। তিনি ফাতিমা আল-ফিহরি।
ফাতিমা আল-ফিহরি কে ছিলেন
ইতিহাসবিদ ইবনে আবি জারের চতুর্দশ শতাব্দীর গ্রন্থ ‘রাওয আল-কিরতাস’-এ ফাতিমা আল-ফিহরি সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায়। তিনি আরবের সম্ভ্রান্ত কুরাইশ বংশের উত্তরসূরি ছিলেন। তার পরিবার ব্যবসার সঙ্গে যুক্ত ছিল এবং এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে তাদের বাণিজ্যিক যোগাযোগ ছিল।
আনুমানিক ৮০০ খ্রিস্টাব্দে তিউনিসিয়ার কাইরুয়ান শহরে জন্মগ্রহণ করেন ফাতিমা। তার পূর্ণ নাম ছিল ফাতিমা বিনতে মুহাম্মাদ আল-ফিহরি আল-কুরাইশিয়া।
ব্যবসায়িক কারণে তার বাবা মুহাম্মাদ আল-ফিহরি পরিবার নিয়ে মরক্কোয় চলে যান। একপর্যায়ে পরিবারটি ফেজে স্থায়ীভাবে বসতি গড়ে। ব্যবসায় সাফল্যের মাধ্যমে তার বাবা বিপুল সম্পদের মালিক হন।
পরিবারের কাছ থেকেই ফাতিমা ইসলামি শিক্ষার পাশাপাশি কোরআন, হাদিস, ফিকাহসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন।
বিয়ের কয়েক বছর পর স্বামীকে হারান ফাতিমা। একই সময়ের কাছাকাছি বাবা ও ভাইয়ের মৃত্যুও হয়। ফলে উত্তরাধিকারসূত্রে বিপুল সম্পদের মালিক হন তিনি ও তার বোন মারিয়াম আল-ফিহরি।
সম্পদ ব্যয় করলেন জনকল্যাণে
উত্তরাধিকারসূত্রে পাওয়া বিপুল সম্পদ ব্যক্তিগত বিলাসিতায় ব্যয় না করে জনকল্যাণে ব্যবহারের সিদ্ধান্ত নেন দুই বোন।
মারিয়াম তার সম্পদের বড় অংশ ব্যয় করে নির্মাণ করেন আল আন্দালুস মসজিদ। আর ফাতিমা নিজের সম্পদ দিয়ে প্রতিষ্ঠা করেন একটি বড় মসজিদ ও শিক্ষাকেন্দ্র।
ইতিহাসবিদদের মতে, ৮৫৯ খ্রিস্টাব্দের ১ রমজান আল কারাউইয়্যিনের নির্মাণকাজ শুরু হয়। প্রায় দুই বছরের মধ্যে মসজিদের মূল ভবনের নির্মাণ শেষ হলেও পুরো কমপ্লেক্সের কাজ সম্পন্ন হতে আরও কয়েক বছর সময় লাগে।
ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, নির্মাণকাজের বিভিন্ন পর্যায়ে ফাতিমা নিজেই তা তদারক করতেন। প্রতিষ্ঠানটি নির্মাণের পর নিজের জন্মস্থান তিউনিসিয়ার কাইরুয়ানের স্মরণে এর নাম রাখেন ‘আল কারাউইয়্যিন’।
মসজিদ থেকে উচ্চশিক্ষার কেন্দ্রে
প্রতিষ্ঠার শুরুতে আল কারাউইয়্যিন মূলত একটি মসজিদ ও ইসলামি শিক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। সময়ের সঙ্গে এর শিক্ষার পরিধি বিস্তৃত হয়। ভাষাবিজ্ঞান, ব্যাকরণ, আইন, গণিত, দর্শন, চিকিৎসাবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানসহ নানা বিষয়ে এখানে পাঠদান শুরু হয়।
বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায়, মধ্যযুগে মুসলিম শিক্ষার্থীদের পাশাপাশি ইহুদি ও খ্রিস্টান শিক্ষার্থীরাও এই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন।
ইতিহাসের বিভিন্ন সময়ে ইবনে খালদুন, মালিকি বিচারপতি ইবনে আল-আরাবি এবং জ্যোতির্বিদ নূরুদ্দীন আল-বিতরুজির মতো জ্ঞানী ব্যক্তিরাও আল কারাউইয়্যিনের সঙ্গে যুক্ত ছিলেন।
মরক্কোর ইতিহাসবিদ মোহাম্মদ আল-মানুনির মতে, আনুমানিক ১০৪০ থেকে ১১৪৭ সালের মধ্যে আল কারাউইয়্যিন উচ্চশিক্ষার একটি আনুষ্ঠানিক প্রতিষ্ঠানে পরিণত হয়। এ সময় শিক্ষার্থীদের যোগ্যতার ভিত্তিতে সনদ দেওয়ার ব্যবস্থাও চালু হয়।
দুর্লভ পাণ্ডুলিপির সমৃদ্ধ ভাণ্ডার
আল কারাউইয়্যিন কমপ্লেক্সের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এর ঐতিহাসিক গ্রন্থাগার। মারিনিড রাজবংশের শাসনামলে ১৩৫৯ সালে গ্রন্থাগারটি সংস্কার ও সম্প্রসারণ করা হয়।
গ্রন্থাগারে মধ্যযুগের ২০ হাজারের বেশি হাতে লেখা বই রয়েছে। এর মধ্যে প্রায় চার হাজার দুর্লভ গ্রন্থ ও পাণ্ডুলিপি বলে উল্লেখ করা হয়।
সংগ্রহে রয়েছে ইমাম মালিক ইবনে আনাসের ‘আল-মুওয়াত্তা’, ইবনে ইসহাকের মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী এবং ইবনে খালদুনের ‘মুকাদ্দিমাহ’ ও ‘আল-ইবার’-এর পাণ্ডুলিপি। কোরআনের একটি প্রাচীন পাণ্ডুলিপিও সেখানে সংরক্ষিত রয়েছে।
আধুনিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর
সময় গড়ানোর সঙ্গে আল কারাউইয়্যিনের প্রাতিষ্ঠানিক কাঠামোতেও পরিবর্তন আসে। ১৯৬৩ সালে রাজকীয় ফরমানের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আধুনিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়। পরে ১৯৬৫ সালে এর নামের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ‘বিশ্ববিদ্যালয়’ শব্দটি যুক্ত হয়।
এক হাজার বছরেরও বেশি সময় পেরিয়ে আজও ফেজ শহরের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছে আল কারাউইয়্যিন। একটি মসজিদ ও শিক্ষাকেন্দ্র হিসেবে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠান পরবর্তী সময়ে উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে।
আর এর ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকা ফাতিমা আল-ফিহরির কাহিনি দেখায়, মধ্যযুগের মুসলিম সমাজে শিক্ষা ও জ্ঞানচর্চার পৃষ্ঠপোষকতায় নারীরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
সূত্র: বিবিসি



