tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গনবাস্তব সমস্যা সমাধানে গবেষণাকে অগ্রাধিকার দিতে হবে: ইউজিসি চেয়ারম্যান

বাস্তব সমস্যা সমাধানে গবেষণাকে অগ্রাধিকার দিতে হবে: ইউজিসি চেয়ারম্যান

গবেষণার জন্য বয়স, ব্যয়বহুল যন্ত্রপাতি কিংবা বড় আকারের গবেষণাগার অপরিহার্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেন, নিজের চারপাশের সমস্যা চিহ্নিত করে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তা সমাধানের চেষ্টা থেকেই গবেষণার সূচনা হতে পারে। তাই বাস্তব জীবনের সমস্যা সমাধানে গবেষণাকে গুরুত্ব দিতে হবে।

শনিবার (৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত খুদে গবেষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, গবেষণা শুধু বিশ্ববিদ্যালয় পর্যায় থেকেই শুরু হতে হবে—এমন ধারণা সঠিক নয়। খুদে গবেষকেরাও শিক্ষা, বিজ্ঞান, পরিবেশ, কম্পিউটার বিজ্ঞান ও সমাজবিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের চারপাশের সমস্যা নিয়ে কাজ করতে পারে। এরই মধ্যে তারা হাতের কাছে থাকা উপকরণ ও নিজেদের চিন্তাশক্তি কাজে লাগিয়ে বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা করছে।

তিনি বলেন, গবেষণার ক্ষেত্রে শিক্ষার্থীদের সাহস, উদ্দীপনা, অনুসন্ধিৎসু মনোভাব এবং বৈজ্ঞানিক চিন্তার বিকাশে গুরুত্ব দিতে হবে। শুধু সমস্যা চিহ্নিত করাই নয়, সেই সমস্যার কার্যকর সমাধানের পথ খুঁজে বের করার সক্ষমতাই গবেষণার মূল বিষয়।

গবেষণার ফল মানুষের কাজে আসতে হবে

দেশের গবেষণা কার্যক্রমের প্রসঙ্গে ইউজিসি চেয়ারম্যান বলেন, গত পাঁচ দশকে সরকার ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান গবেষণা খাতে বিপুল অর্থায়ন করেছে। এ সময়ে অনেক গবেষণাপত্র আন্তর্জাতিক সাময়িকীতে প্রকাশিত হয়েছে এবং সেগুলো বিভিন্ন গবেষকের মাধ্যমে উদ্ধৃতও হয়েছে।

তবে গবেষণার এসব অর্জনের পাশাপাশি বাস্তব জীবনে এর প্রভাব নিয়েও ভাবতে হবে বলে মন্তব্য করেন তিনি।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, ‘গবেষণাপত্র তৈরি হয়েছে, আন্তর্জাতিক সাময়িকীতে প্রকাশিত হয়েছে, সাইটেশনও হয়েছে। কিন্তু মানুষের যে বাস্তব সমস্যা, অনেক ক্ষেত্রে সেই সমস্যা থেকেই গেছে।’

তিনি দেশের যানজট, বিদ্যুৎ সংকট, বিশুদ্ধ পানির অভাব এবং লবণাক্ততার মতো সমস্যার কথা উল্লেখ করে বলেন, এসব বাস্তব সমস্যা সমাধানে ভবিষ্যতের বিজ্ঞানীদের এগিয়ে আসতে হবে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, আজকের খুদে গবেষকদের মধ্য থেকেই আগামী দিনের বিজ্ঞানী তৈরি হবে। তাই ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে গবেষণার প্রতি আগ্রহ, সমস্যা বিশ্লেষণের সক্ষমতা এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা প্রয়োজন।

অংশ নিল ৩১৮ শিক্ষার্থী

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সপ্তম থেকে দশম শ্রেণির ৩১৮ জন শিক্ষার্থী অংশ নেয়। সম্মেলনে তারা মোট ১২৮টি গবেষণাপত্র, ধারণাপত্র ও পোস্টার উপস্থাপন করে।

সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির এবং দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের পরিকল্পনা সম্পাদক আসজাদুল কিবরিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।