২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য নতুন সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন ব্যবস্থায় হজযাত্রার প্রয়োজনীয় বিভিন্ন সেবা একটি ইলেকট্রনিক চুক্তির আওতায় আনা হবে।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশি হজযাত্রীদের জন্য এই প্যাকেজ দেওয়া হবে। সৌদি আরবে পৌঁছানোর পর থেকে হজের আনুষ্ঠানিকতা শেষে নিজ দেশে ফিরে যাওয়া পর্যন্ত যাত্রাপথের গুরুত্বপূর্ণ বিভিন্ন সেবা এর আওতায় থাকবে।
প্যাকেজটির মূল চারটি সেবার মধ্যে রয়েছে—পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সেবা, মক্কা ও মদিনায় আবাসন, যাতায়াত এবং খাবারের ব্যবস্থা। এর পাশাপাশি হজযাত্রীদের প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কিছু সুবিধা নেওয়ার সুযোগও রাখা হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ব্যবস্থার মাধ্যমে বিদেশি হজবিষয়ক দপ্তর ও সংশ্লিষ্ট সেবাদানকারী সংস্থাগুলো বিভিন্ন শ্রেণির হজযাত্রীর প্রয়োজন অনুযায়ী নিজেদের কর্মসূচি সাজাতে পারবে। এজন্য নির্দিষ্ট কাঠামোর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সমন্বয়ের সুযোগ রেখে একটি নমনীয় চুক্তি ব্যবস্থা তৈরি করা হয়েছে।
সৌদি আরবের ১৪৪৮ হিজরি সালের হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির ‘ভিশন ২০৩০’ এবং হজযাত্রীদের সামগ্রিক অভিজ্ঞতা উন্নয়নের লক্ষ্যের সঙ্গেও নতুন এই ব্যবস্থা সামঞ্জস্যপূর্ণ বলে জানিয়েছে মন্ত্রণালয়।
ইতোমধ্যে ১৪৪৮ হিজরি সালের হজের প্রস্তুতিও শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ। এ লক্ষ্যে ৭৫টির বেশি দেশের হজবিষয়ক দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হচ্ছে। এসব বৈঠকে হজ পরিচালনার পরিকল্পনা, সংশ্লিষ্ট বিধিবিধান এবং প্রয়োজনীয় শর্তাবলি পর্যালোচনা করা হচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে হজ ব্যবস্থাপনায় ডিজিটাল অবকাঠামোও ধারাবাহিকভাবে সম্প্রসারণ করেছে সৌদি আরব। মন্ত্রণালয়ের ইলেকট্রনিক প্ল্যাটফর্মে চুক্তি সম্পাদন, কার্যক্রম পরিচালনা ও ভিসাসংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়া সমন্বিত করা হয়েছে। নতুন প্যাকেজের মাধ্যমে এই ডিজিটাল ব্যবস্থাপনাকে আরও কার্যকর করে হজযাত্রী ও সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।



