tanaka
প্রচ্ছদজাতীয়বাংলাদেশের ইউরেনিয়ামবাহী বিমানকে আকাশসীমা না দেওয়ার কারণ জানাল পাকিস্তান

বাংলাদেশের ইউরেনিয়ামবাহী বিমানকে আকাশসীমা না দেওয়ার কারণ জানাল পাকিস্তান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম বহনকারী বাংলাদেশের একটি বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার কারণ ব্যাখ্যা করেছে ইসলামাবাদ। পাকিস্তানের ভাষ্য, এ সিদ্ধান্তের পেছনে কোনো রাজনৈতিক বিষয় ছিল না; বরং ফ্লাইটের রুট ও আকাশসীমা ব্যবহারের অনুমতি নিয়ে কারিগরি এবং প্রক্রিয়াগত কিছু বিষয় জড়িত ছিল।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় পাকিস্তান হাইকমিশন এক বিবৃতিতে জানায়, কূটনৈতিক ফ্লাইটসহ আকাশসীমা ব্যবহারের অনুমতির জন্য যেসব আবেদন আসে, সেগুলো দেশটির প্রচলিত আইন, বেসামরিক বিমান চলাচলের প্রটোকল এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে পর্যালোচনা করা হয়।

বিবৃতিতে বলা হয়, রূপপুর প্রকল্পের জ্বালানি পরিবহন নিয়ে সম্প্রতি যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়টি মূলত ফ্লাইটের রুট নির্ধারণ এবং পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতির কারিগরি ও প্রশাসনিক ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত।

পাকিস্তান হাইকমিশনের মতে, এ ধরনের ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমান চলাচলসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের প্রয়োজন হতে পারে। সেই প্রক্রিয়ায় কখনো কখনো নির্ধারিত ফ্লাইট সূচিতেও পরিবর্তন আসতে পারে।

ইসলামাবাদ আরও জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ককে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে। তাই ঘটনাটিকে যথাযথ কারিগরি প্রেক্ষাপটে দেখার আহ্বান জানিয়েছে তারা। একই সঙ্গে এমন কোনো প্রতিবেদন বা বক্তব্যকে অতিরিক্ত গুরুত্ব না দেওয়ার অনুরোধ করা হয়েছে, যা দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এর আগে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছিলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি বহনকারী বিমানটির ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। কিন্তু পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে বিমানটি দেশে পৌঁছাতে পারেনি। তখন ইসলামাবাদ কেন অনুমতি দেয়নি, সে বিষয়ে নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।

রূপপুর প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাশিয়া থেকে বাংলাদেশে ইউরেনিয়াম পরিবহনের নির্ধারিত পথে সাধারণত একাধিক দেশের আকাশসীমা অতিক্রম করতে হয়। পাকিস্তানের অনুমতি না পাওয়ার পর সংশ্লিষ্ট ফ্লাইটটি স্থগিত করা হয়।

পরে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানায়, অক্টোবর থেকে রূপপুরের জন্য আবার ইউরেনিয়াম সরবরাহ শুরু হবে। বছরের শেষ নাগাদ প্রয়োজনীয় চালানগুলো সম্পন্ন করার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।