ইরানের বিমান চলাচল খাতের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা কার্যকর হলেও দেশটির আন্তর্জাতিক বিমান যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি। নিষেধাজ্ঞার প্রভাবে ফ্লাইটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেলেও তেহরান থেকে এখনো ৩০টির বেশি আন্তর্জাতিক গন্তব্যে বিমান চলাচল করছে। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি ইরানের পুরো বিমান চলাচল খাতকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের পক্ষ থেকে বিদেশি প্রতিষ্ঠানগুলোকে নিষেধাজ্ঞা মেনে চলার জন্য ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দাবি করেন, এই পদক্ষেপের মাধ্যমে ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, বিশ্বের যেকোনো স্থানে ইরানি বিমান চলাচল বন্ধ করার ব্যবস্থা নেওয়া হতে পারে।
বেসেন্টের ভাষ্য অনুযায়ী, ইরানের কোনো বিমান কোথাও অবতরণ করলে সেটিকে জ্বালানি বা অবতরণ-সংক্রান্ত সেবা দেওয়া যাবে না এবং তাদের কাছে টিকিট বিক্রির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা থাকবে। এসব বিধিনিষেধ অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
তবে তেহরান যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাকে অবৈধ বলে প্রত্যাখ্যান করেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) ইরান জানায়, বিষয়টি জাতিসংঘের পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে তোলার উদ্যোগ নেওয়া হবে।
নিষেধাজ্ঞার মধ্যেও তেহরান থেকে প্রায় ৩০টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চালু থাকার দাবি করেছে ইরান। এদিকে ফ্লাইট চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, গত রোববার তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ৪১টি ফ্লাইট উড্ডয়ন করেছে বা অবতরণ করেছে। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগের দুই দিনে প্রতিদিন গড়ে ৮০ থেকে ৯০টি ফ্লাইট চলাচল করেছিল। অর্থাৎ নিষেধাজ্ঞার পর বিমান চলাচলের পরিমাণ প্রায় অর্ধেকে নেমেছে।
নতুন নিষেধাজ্ঞায় ইরানের দুটি বড় বিমান সংস্থা—রাষ্ট্রীয় মালিকানাধীন ইরান এয়ার এবং বেসরকারি মাহান এয়ার—বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত রোববার তেহরান বিমানবন্দর থেকে পরিচালিত ২৪টি ফ্লাইটের মধ্যে মাহান এয়ারের ছিল পাঁচটি এবং ইরান এয়ারের দুটি। নিষেধাজ্ঞার আগে উভয় সংস্থাই প্রতিদিন প্রায় ১০টি করে ফ্লাইট পরিচালনা করত।
তবে এই হিসাব যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী বেসেন্টের দেওয়া পরিসংখ্যানের তুলনায় ভিন্ন। তিনি দাবি করেছিলেন, নিষেধাজ্ঞার ফলে ইরানের ৮০ থেকে ৯০ শতাংশ ফ্লাইট বন্ধ হয়ে গেছে। অন্যদিকে তেহরান বিমানবন্দরের পরিচালক রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছেন, এখনো ৩০টির বেশি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালিত হচ্ছে।
এদিকে চীন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে ‘অবৈধ ও একতরফা’ হিসেবে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে। চীনের বিমানবন্দরগুলোতে মাহান এয়ারের ফ্লাইটও চালু রয়েছে। রাশিয়া ও পাকিস্তানের সঙ্গেও ইরানের বিমান যোগাযোগ অব্যাহত আছে। তবে নিষেধাজ্ঞার বিষয়ে দেশ দুটি এখনো কোনো মন্তব্য করেনি।
তুরস্কের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন। দেশটির কর্তৃপক্ষের অনুরোধে তুরস্কে ফ্লাইট পরিচালনা বন্ধ করেছে মাহান এয়ার। তবে ইরান এয়ার এখনো প্রতিদিন ইস্তাম্বুলে ফ্লাইট পরিচালনা করছে। পাশাপাশি ইরানের কয়েকটি ছোট বিমান সংস্থা তুরস্কের অন্যান্য শহরেও বিমান চলাচল চালিয়ে যাচ্ছে।
আর্মেনিয়া, আফগানিস্তান, বেলারুশ ও মালয়েশিয়ায় এখনো নিষেধাজ্ঞার প্রভাব কার্যকর হয়নি। এসব দেশে মূলত ইরানের ছোট আকারের বিমান সংস্থাগুলো ফ্লাইট পরিচালনা করে।
নিষেধাজ্ঞা উপেক্ষা করা দেশগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কী ধরনের পদক্ষেপ নেবে, সে বিষয়ে এখনো ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি। তবে ইরানি যাত্রীদের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রানজিট কেন্দ্র সংযুক্ত আরব আমিরাত তাদের ভূখণ্ড থেকে ইরানের সব ফ্লাইট ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ স্থগিত করেছে।



