থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় পুরো শহরজুড়ে জরুরি দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে ৩০০ মিলিমিটারের (প্রায় ১২ ইঞ্চি) বেশি বৃষ্টিপাতের পর নগরীর বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। খবর বিবিসির।
রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যাংকক মেট্রোপলিটন অথরিটি জানিয়েছে, বৃষ্টিপাত কিছুটা কমলেও শহরের বিভিন্ন খাল ও জলাধারে পানির স্তর এখনো বিপজ্জনকভাবে উঁচু। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে সতর্ক করেছেন ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন।
থাইল্যান্ডে বছরের এই সময়ে বজ্রসহ বৃষ্টিপাত অস্বাভাবিক নয়। তবে গত কয়েক দিনের অস্বাভাবিক ভারী বৃষ্টিতে ব্যাংককের পানি নিষ্কাশন ব্যবস্থা অনেকটা ভেঙে পড়েছে। ফলে বিভিন্ন সড়ক ও নিচু এলাকা প্লাবিত হয়ে নগরজীবনে তৈরি হয়েছে ব্যাপক সংকট। যানজটের জন্য পরিচিত শহরটির বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচলও ব্যাহত হচ্ছে।
অনেক নগরবাসী বলছেন, এবারের পরিস্থিতি তাদের ২০১১ সালের ভয়াবহ বন্যার কথা মনে করিয়ে দিচ্ছে। কেউ কেউ এটিকে ওই সময়ের চেয়েও ভয়াবহ বলে মনে করছেন। ২০১১ সালের বন্যা প্রায় তিন মাস ধরে স্থায়ী হয়েছিল এবং এতে পুরো থাইল্যান্ডে শত শত মানুষের মৃত্যু হয়। তবে এবারের বন্যায় এখন পর্যন্ত ব্যাংককে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
থাই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহজুড়েই আরও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে সাম্প্রতিক ভারী বৃষ্টির জন্য দায়ী নিম্নচাপটি মধ্য থাইল্যান্ডের দিকে সরে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যেই ব্যাংককের ৫০টি জেলার সবকটিকে জরুরি পরিস্থিতির আওতাভুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন জানান, শহরের পূর্বাঞ্চল বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, ‘বৃষ্টি এখনো হচ্ছে এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। পানি পাম্প করে সরানোর চেষ্টা করছি, কিন্তু খালগুলো পানিতে পূর্ণ। সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন খালের আশপাশে বসবাসকারী মানুষ। এখন প্রতিটি খালই পানিতে পরিপূর্ণ।’



