গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মৃতের সংখ্যা দাঁড়াল ১৪৭ জনে। একই সময়ে নতুন করে ২৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, সর্বশেষ দুইজন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।
একই সময়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ৮৪ জন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৪ জন, বরিশাল বিভাগে ৪৫ জন, ঢাকা বিভাগে ৪২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন এবং খুলনা বিভাগে ২ জন ভর্তি হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (৭৬ জন)। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২১ জন, বরিশাল বিভাগে ১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩ জন, রাজশাহী বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন এবং ঢাকা বিভাগে ২ জন ডেঙ্গুতে মারা গেছেন।



