সঠিক রাজনৈতিক নেতৃত্ব থাকলে পাঁচ বছরেই বাংলাদেশকে সোনার খনিতে রূপান্তর করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
তিনি বলেন, দেশে পণ্য উৎপাদনের কাঁচামালের ঘাটতি রয়েছে। তবে শিক্ষার্থীরা জ্ঞানার্জন ও দক্ষতা অর্জনের মাধ্যমে সেই ঘাটতি পূরণ করতে পারে। আল্লাহ জ্ঞান অর্জনের সুযোগ সবার জন্য উন্মুক্ত রেখেছেন। এখানে কোনো একচেটিয়া আধিপত্য বা সিন্ডিকেট নেই—যে যত পরিশ্রম করবে, সে তত অর্জন করতে পারবে।
উপদেষ্টা আরও জানান, লেবার প্রোডাক্টিভিটি, ইউটিলিটি প্রপোরশন, লজিস্টিক এক্সিলেন্স, কস্ট টু ফিন্যান্স, এক্সেস টু ফিন্যান্স ও এক্সেস টু মার্কেট নিশ্চিত করা গেলে কাঁচামালের ঘাটতি মোকাবিলা করে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ব্যবসার ভবিষ্যৎ: উদ্ভাবন, প্রযুক্তি ও টেকসই উন্নয়ন’-এর সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা গবেষণা ব্যুরো এ সম্মেলনের আয়োজন করে।
শেখ বশিরউদ্দীন বলেন, বাজার ব্যবস্থাপনায় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত রমজানে সরকারের অর্থ বিভাগ, কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মিলিত প্রচেষ্টায় সরবরাহ চেইন স্বাভাবিক থাকায় নিত্যপণ্যের দামও নিয়ন্ত্রণে ছিল।
তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানের পর বাজার নিয়ন্ত্রণ ছিল বড় চ্যালেঞ্জ। তথাকথিত সিন্ডিকেটের বহু সদস্য দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, ফলে সরবরাহ ব্যবস্থা বজায় রাখা কঠিন হয়ে পড়ে। তবে সম্মিলিত প্রচেষ্টা ও ব্যবসায় গণতন্ত্র প্রতিষ্ঠার ফলে সে সংকট মোকাবিলা সম্ভব হয়েছে—যা আল্লাহর বিশেষ অনুগ্রহও বটে।
শেখ বশিরউদ্দীন আরও বলেন, “শেখ হাসিনার পতনের পর দেশের রিজার্ভ ছিল প্রায় ১০ বিলিয়ন ডলার, আর বিদেশি দায় ছিল ৬ বিলিয়ন। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা সেই দায় পরিশোধ করেছি। বর্তমানে রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ বিলিয়ন ডলারে।”
ভবিষ্যৎ রাজনৈতিক সরকারের কাছে প্রত্যাশা নিয়ে তিনি বলেন, “গত ১৬ বছরের ফ্যাসিস্ট শাসকরা কেবল ক্রোনিস তৈরি করেছিল। সম্পদের বণ্টনে ছিল চরম বৈষম্য। তারা অর্থনীতিতে কোনো ইতিবাচক অবদান রাখেনি; বরং বাজার ব্যবস্থাপনাকে অস্থিতিশীল করেছে। ভবিষ্যৎ সরকার যদি সমন্বিত উদ্যোগ নিয়ে গণতান্ত্রিকভাবে বাজার পরিচালনা করে এবং নিরপেক্ষ সংস্কার বাস্তবায়ন করে, তাহলে বাজারব্যবস্থা শক্তিশালী হবে এবং সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তৈয়ব চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ আইয়ুব ইসলাম এবং সোনালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মুসলিম উদ্দিন চৌধুরী।
পরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ব্যবসা-বাণিজ্যে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রেস্ট তুলে দেন।



