tanaka
প্রচ্ছদজাতীয়এলডিসি উত্তরণের সময় বাড়ানোর অনুরোধ প্রধানমন্ত্রীর

এলডিসি উত্তরণের সময় বাড়ানোর অনুরোধ প্রধানমন্ত্রীর

বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ বা ‘গ্র্যাজুয়েশন’ প্রক্রিয়ার সময়সীমা কিছুটা বাড়ানোর জন্য জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্‌দী আমিন জানিয়েছেন, বৈঠকে বিশ্ব অর্থনীতির বিদ্যমান নানা চ্যালেঞ্জের বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশের এলডিসি উত্তরণের সময়সীমা বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার নিউইয়র্ক সময় সন্ধ্যা ৭টায় জাতিসংঘ সদর দপ্তরের মিডিয়া চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মাহ্‌দী আমিন। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ এবং সফরের তৃতীয় দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

মাহ্‌দী আমিন বলেন, সফরের তৃতীয় দিনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রীর অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। বৈঠকের শুরুতেই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান জাতিসংঘ মহাসচিব।

জবাবে প্রধানমন্ত্রী দীর্ঘদিন পর একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারার অনুভূতি প্রকাশ করেন। একই সঙ্গে যে ঐতিহাসিক মঞ্চে একসময় তাঁর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন, সেখানে দাঁড়িয়ে নিজের গভীর আবেগের কথাও তুলে ধরেন তিনি।

বৈঠকে বাংলাদেশের এলডিসি উত্তরণ প্রসঙ্গেও আলোচনা হয়। মাহ্‌দী আমিন বলেন, বিশ্ব অর্থনীতিতে বিদ্যমান নানা চ্যালেঞ্জ ও পরিবর্তিত বাস্তবতা বিবেচনায় নিয়ে বাংলাদেশের উত্তরণ প্রক্রিয়ার সময়সীমা কিছুটা বাড়ানোর জন্য জাতিসংঘ মহাসচিবের প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রী।

বৈঠকে বহুপক্ষীয় কূটনীতি, বিশ্ব শান্তি রক্ষা এবং বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে বাংলাদেশের অবদানের বিষয়টিও উঠে আসে। মাহ্‌দী আমিনের ভাষ্য অনুযায়ী, এসব ক্ষেত্রে বাংলাদেশের অনন্য অবদানের জন্য প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

মাহ্‌দী আমিন বলেন, বিশ্বের সব দেশের সঙ্গে বাংলাদেশের সংহতি এবং যৌথভাবে কাজ করার যে অঙ্গীকার, সেটিকে ধারণ করেই এসব আলোচনা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনগুলোতে বাংলাদেশকে বিশ্বমঞ্চে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

পাকিস্তান ও থাইল্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা

সফরের তৃতীয় দিনে পাকিস্তান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলেও জানান মাহ্‌দী আমিন।

এসব বৈঠকে আঞ্চলিক সহযোগিতা জোরদার, সমতা, ন্যায্যতা ও মর্যাদার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ককে বহুমাত্রিক পর্যায়ে নিয়ে যাওয়া এবং ‘পিপল টু পিপল টাইস’ বা জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

মাহ্‌দী আমিন বলেন, বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর সম্পর্ককে পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার ভিত্তিতে আরও বিস্তৃত করার বিষয়টি এসব আলোচনায় গুরুত্ব পেয়েছে।

উচ্চপর্যায়ের দুই সম্মেলনে অংশগ্রহণ

প্রধানমন্ত্রীর সফরসূচিতে দুটি উচ্চপর্যায়ের সম্মেলনও ছিল বলে জানান তাঁর কার্যালয়ের মুখপাত্র। এসব সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও মন্ত্রিপরিষদের সদস্যরা অংশ নেন।

এর একটি ছিল সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও পরিবেশবিষয়ক সম্মেলন। অন্যটি ছিল মিডওয়াইফারি ও স্বাস্থ্যবিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলন। দ্বিতীয় সম্মেলনটি বাংলাদেশ সরকার কয়েকটি দেশের সঙ্গে যৌথ সহযোগিতায় আয়োজন করে।

মাহ্‌দী আমিন জানান, সফরের তৃতীয় দিনে প্রধানমন্ত্রী মোট সাতটি কর্মসূচিতে অংশ নিয়েছেন। পুরো সফরের কর্মসূচিকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে—দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় ও উচ্চপর্যায়ের কর্মসূচি।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস উইং ও জাতিসংঘ মিশনের কর্মকর্তারা

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি একেএম ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনিসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্য এবং জাতিসংঘ মিশনের কর্মকর্তারা।