tanaka
প্রচ্ছদসারাদেশআইনশৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে হুইপ নিজানের মতবিনিময়, একই মঞ্চে সব দলের প্রতিনিধি

আইনশৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে হুইপ নিজানের মতবিনিময়, একই মঞ্চে সব দলের প্রতিনিধি

কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা একই মঞ্চে অংশ নেওয়ায় সভাটিকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছেন বক্তারা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ রুজি আক্তারের সভাপতিত্বে সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।

হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, ১৭ বছর পর সব দলের প্রতিনিধিদের নিয়ে একসঙ্গে সভা অনুষ্ঠিত হওয়া নিঃসন্দেহে ঐতিহাসিক। দেশের সার্বভৌমত্বের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদকবিরোধী অভিযান জোরদার, বিদ্যুৎ ও গ্যাস সংকটসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানেও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সিএনজি গ্যাস নিয়ে যে সংকট ছিল, তা ইতোমধ্যে সমাধান হয়েছে বলেও জানান তিনি।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, কুমিল্লা একটি বড় জেলা। শিগগিরই কুমিল্লাকে মেট্রোপলিটন করা হবে। এর ফলে পুলিশ সুপারের ওপর চাপ কমার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এনসিপির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, কুমিল্লা বিভাগ নিয়ে যেন কোনো ধরনের আঞ্চলিক বিদ্বেষ তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বিরোধীদলীয় উপনেতা ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়নে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি নিজেও এ বিষয়ে স্বাক্ষর সংগ্রহ করছেন বলে জানান।

সভায় কুমিল্লার বিভিন্ন আসনের সংসদ সদস্যসহ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।