ব্যালন ডি’অর জয়ের দৌড়ে কিলিয়ান এমবাপ্পেকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। ফরাসি ফরোয়ার্ডের আত্মবিশ্বাসী মন্তব্যের জবাবে ইয়ামালের দাবি, গত মৌসুমে তার অর্জন ও পারফরম্যান্স বিবেচনায় এবারের ব্যালন ডি’অর তারই প্রাপ্য।
মুভিস্টার প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ‘আমার মতে, এমবাপ্পে আর আমিই এখন বিশ্বের সেরা দুই খেলোয়াড়। সত্যিই বিশ্বাস করি, বিশ্বের সেরা ফুটবলার হিসেবে আমরা দুজনই আছি। তবে এ বছর আমি যে শিরোপাগুলো জিতেছি, সেই বিচারে ব্যালন ডি’অরটা আমারই প্রাপ্য।’
গত মৌসুমে বার্সেলোনার হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন ইয়ামাল। ৪৫ ম্যাচে ২৪ গোলের পাশাপাশি করেছেন ১৭টি অ্যাসিস্ট। তার পারফরম্যান্সে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতে কাতালান ক্লাবটি।
জাতীয় দলের হয়েও কার্যকর ছিলেন ইয়ামাল। স্পেনের হয়ে ১২ ম্যাচে করেছেন একটি গোল ও তিনটি অ্যাসিস্ট। পাশাপাশি বিশ্বকাপজয়ী স্পেন দলের সদস্য ছিলেন তিনি।
দৌড়ে এগিয়ে কেইন?
তবে এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে ইয়ামাল ও এমবাপ্পের পাশাপাশি আলোচনায় রয়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। গত মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল ও আটটি অ্যাসিস্ট করেছেন তিনি।
বায়ার্নের হয়ে বুন্দেসলিগা ও জার্মান কাপ জয়ের পাশাপাশি ইংল্যান্ডকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কেইন। দুর্দান্ত পরিসংখ্যানের কারণে অনেকের চোখে এবারের পুরস্কারের অন্যতম ফেভারিট এই ইংলিশ ফরোয়ার্ড।
এবারের ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর লন্ডনে। ২০১৯ সালের পর থেকে নিয়মিত প্যারিসের থিয়েটার দ্যু শাতলেতে অনুষ্ঠানটি আয়োজিত হলেও এবার ভেন্যু পরিবর্তন করা হয়েছে।



