ইয়েমেনের সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতির কারণে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে হরমুজ প্রণালি নিয়ে ইরানের পূর্বনির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
তিনি জানান, সৌদি আরবের অনুরোধে ওমানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা বৈঠকটি আপাতত স্থগিত করা হয়েছে। বৈঠকটি কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে নতুন কোনো তারিখ জানানো হয়নি।
ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয়ে তেহরানের কোনো সংশ্লিষ্টতা নেই দাবি করে বাঘাই বলেন, কোনো দায়িত্বশীল দেশই বাইরের শক্তির চাপ বা নির্দেশ মেনে চলবে না।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুথি গোষ্ঠীর নৌ অবরোধ জোরদার করার ঘটনায় সৌদি আরব ও ইয়েমেনের মধ্যকার উত্তেজনাও বেড়েছে।
ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
সোমবার ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, নতুন একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে হরমুজ প্রণালির ওপর একটি উন্নত এমকিউ-ওয়ান ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এ ছাড়া সম্প্রতি একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলায় হতাহতের ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেছে তেহরান। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সূত্র: আল-জাজিরা



